অন্যকলাম
তেরিমের কষ্টফুটবল কোচ মাত্রই রেফারির ওপর ক্ষুব্ধ থাকেন। তবে ফাতিহ তেরিম এবার একটু বেশিই চটেছেন। কষ্টও পেয়েছেন প্রচণ্ড। শনিবার তুর্কি লিগের ম্যাচে এক উত্তেজনাকর মুহূর্তে গ্যালাতাসারাইয়ের কোচ ছুটে গিয়ে মুখোমুখি দাঁড়ান রেফারির। রেফারি সুলেমান আবে শাস্তিস্বরূপ তেরিমকে পাঠিয়ে দেন গ্যালারিতে। তেরিমের এটাই লেগেছে। ৫৯ বছর বয়সী কোচ ক্লাবের ওয়েবসাইটে আক্ষেপ করে লিখেছেন, ‘আমি না হয় উত্তেজনার বশে একটু ভুল করে ফেলেছি। কিন্তু ৪০ বছর ধরে তুর্কি ফুটবলের সেবা করে আসা একজনকে এভাবে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া অসম্মানজনক। গ্যালাতাসারাইয়ের জন্য আমি জীবন উৎসর্গ করেছি, রেফারিদের উচিত আমাকে সম্মান করা।’ আশঙ্কার কথা, তেরিম ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। ওয়েবসাইট।কঠোর বায়ার্নশনিবার বুন্দেসলিগা জিতেছে ছয় ম্যাচ বাকি থাকতেই, অথচ সেভাবে জয়োল্লাস হলো কই? বায়ার্ন মিউনিখ সেসব উৎসবের আয়োজন মুলতবি রেখেছে। একদিন পর চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের সঙ্গে খেলা। সেই ম্যাচের আগে কোনো উদ্যাপন হবে না। রোববার ছিল ফ্রাঙ্ক রিবেরির ৩০তম জন্মদিন। সতীর্থরা রিবেরিকে চমকে দিতে মিউনিখের ইতালিয়ান রেস্তোরাঁ হুগোসে জন্মদিনের পার্টি দিতে চেয়েছিলেন। কিন্তু বিধি বাম! অধিনায়ক ফিলিপ লাম এসে জানালেন, এটা করা চলবে না। ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামার ও কোচ ইয়ুপ হেইঙ্কেস একেবারে কঠোর হেডমাস্টারের মতো পাহারায় আছেন! ওয়েবসাইট। ইব্রার এজেন্ট!ফিফা এবং ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারের সমালোচনা করা? ব্যাপারটা ভালোই টের পাচ্ছেন মিনো রাইওলা। জ্লাতান ইব্রাহিমোভিচের এই এজেন্টকে জরিমানা তো করা হয়েছেই, পাশাপাশি সতর্কও করা হয়েছে।সম্প্রতি আক্রমণাত্মক ভাষায় রাইওলা ফিফাকে তুলনা করেছেন মাফিয়া সংগঠনের সঙ্গে। ব্ল্যাটারকে বলেছেন ‘উন্মত্ত স্বৈরশাসক’। শুধু ইব্রাহিমোভিচেরই নন, রাইওলা মারিও বালোতেল্লিরও এজেন্ট। মোনাকোভিত্তিক এই এজেন্টের চোখে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ‘মাফিয়া বস’। রাইওলা বলেছেন, ইব্রাহিমোভিচ কখনোই ফিফা কিংবা উয়েফার সেরা খেলোয়াড়ের পুরস্কার পাবেন না। তাঁর দাবি, ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে ‘রাজনৈতিক দুর্নীতি’ হয় এবং হয়েছে। ওয়েবসাইট