অন্যকলাম
সিনেমায় বেকহাম
অভিনয়ের ইচ্ছে তো ছিলই। এর আগে ডেভিড বেকহামের কাছে প্রস্তাবও কম আসেনি। মনের মতো কিছু পাননি বলেই রুপালি পর্দায় নিজেকে দেখানোর ইচ্ছেটা চেপে রেখেছিলেন সাবেক ইংলিশ ফুটবলার। তবে এবার সেই ইচ্ছে বাস্তবে রূপ নিচ্ছে। বিখ্যাত পরিচালক গাই রিচির নতুন ছবি দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সাবেক ইংল্যান্ড অধিনায়কের। তবে মাঠে যেমন দাপটের সঙ্গে খেলেছেন শুটিংয়ে নাকি ততটাই নার্ভাস ছিলেন বেকহাম। তা তো হবেই। হিউ গ্র্যান্ট আর হেনরি ক্যাভিলের মতো জাঁদরেল অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করা কি সোজা কথা? ওয়েবসাইট।
সাংবাদিক শারাপোভা
যে রাঁধে, সে চুলও বাঁধে। এর প্রমাণ মারিয়া শারাপোভা এরই মধ্যে দিয়েছেন। খেলার পাশাপাশি ব্যবসাও করে যাচ্ছেন চুটিয়ে। আগামী বছর থেকে আরও একটা কাজে যুক্ত হতে যাচ্ছেন রুশ তারকা—সাংবাদিকতা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক, রাশিয়ার সোচিতে। ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে এই শহরেই চারটি বছর কেটেছে শারাপোভার। তো নিজের শহর সোচির টুর্নামেন্টে র্যাকেট নয়, শারাপোভার হাতে থাকবে মাইক্রোফোন। এনবিসির (যুক্তরাষ্ট্রের জাতীয় ব্রডকাস্টিং করপোরেশন) প্রতিনিধি হিসেবে টুর্নামেন্ট কাভার করবেন। নানা ভেন্যু ঘুরে সংবাদ সংগ্রহের পাশাপাশি ধারাভাষ্যও দেবেন। তা দেখা যাক সাংবাদিকের ভূমিকায় কেমন করেন শারাপোভা। ওয়েবসাইট।
ক্যামেরনের জয়
জীবনে কত বাঘা বাঘা ব্যাটসম্যানকেই তো স্পিনের মায়ায় বোকা বানিয়েছেন! সেই মুত্তিয়া মুরালিধরন একজনকে বোকা বানাতে পারলেন না—ডেভিড ক্যামেরন! ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, মুরালিধরনকে সামলাতে তাঁকে এতটুকু বেগ পেতে হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। তখনই কলম্বোয় শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট একাডেমি পরিদর্শনে গিয়ে মুরালির সঙ্গে ব্যাটে বলের ‘লড়াই’টা হয় তাঁর। আর এটা ধরেই নেওয়া যায়, মাঠের সেই লড়াইয়ে ‘হার’ হয়েছে মুরালিরই। ক্যামেরন তাঁর উইকেটটি অক্ষত রাখতে পারার অর্থ তো তাই-ই। তাহলে এত বড় ব্যাটসম্যানকে বল করতে গিয়ে মুরালি কি ভয় পেয়ে গিয়েছিলেন? ওয়েবসাইট।