অন্যকলাম
অভিনব শাস্তি
বাড়িতে বসার ঘরের সোফা বা পড়ার টেবিলের চেয়ার কি জুতা নিয়ে মাড়ান আপনি? বাড়িতে যদি এই কাজটা না করেন, গ্যালারিতে গিয়ে কেন করবেন! আর সেই গ্যালারি যদি হয় নিজের ক্লাবের ‘নতুন বাড়ি’, তাহলে তো প্রশ্নই আসে না। তুরস্কের ক্লাব ত্রাবজোনসপোর তল্পিতল্পাসহ নতুন স্টেডিয়াম মেডিকেল পার্কে চলে এসেছে গত মাসে। সমর্থকদের উদ্দেশে বলেছিল, ‘নতুন বাড়ি’ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। কিন্তু নিজের অজান্তেই একটি ভুল করে ফেলেন এক দর্শক। উত্তেজনার বশে একটি চেয়ারে উঠে দাঁড়ান। ওই সমর্থককে খুঁজে বের করেছে ক্লাব কর্তৃপক্ষ। শাস্তিও দিয়েছে—৪১ হাজার ৫০০ আসনের স্টেডিয়ামের এক হাজার আসন পরিষ্কার করে দিতে হবে তাঁকে! ওই সমর্থকও খুশি মনে মেনে নিয়েছেন এই শাস্তি। ফোরফোরটু।
আমুদে মোদি
ধারাভাষ্য দেওয়ার সময় নাহয় কয়েকটি বিশেষ শব্দ একটু বেশিই বলেন রবি শাস্ত্রী, তাই বলে সেগুলো নিয়ে এভাবে মজা করতে হবে! মজাটা করেছেনও কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! ভারতের উত্তর প্রদেশে নির্বাচনে বড় জয় পেয়েছে মোদির দল বিজেপি। এ জন্য মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করেন শাস্ত্রী। বিজেপির জয় ব্যাখ্যা করতে একটি শব্দ ব্যবহার করেছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান, যেটি ধারাভাষ্যেও অনেক বেশি বলেন—ট্রেসার বুলেট। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মোদি টুইটটির প্রত্যুত্তরে মজা করেছেন শাস্ত্রীর ধারাভাষ্যের আরেকটি বুলি নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘ইউপি নির্বাচনে অতটা রুদ্ধশ্বাস প্রতিযোগিতা হয়নি। তবে দিন শেষে গণতন্ত্রই আসল বিজয়ী!’ ইঙ্গিতটা পরিষ্কার, শাস্ত্রী যে প্রায়ই বলেন, ‘ক্রিকেটই আসল বিজয়ী!’ নিউজ ১৮।