অন্যকলাম
কোহলির না
ভারতে ক্রিকেটারদের মূল্য কেমন, সেটি নতুন করে বলার কিছু নেই। তার ওপর ক্রিকেটারটির নাম যদি হয় বিরাট কোহলি, তাহলে তো কথাই নেই! ভারত অধিনায়ককে নিজেদের শুভেচ্ছাদূত করে পেতে বড় ব্র্যান্ডগুলো সার বেঁধে দাঁড়িয়ে যায়। তাতে কামাইও কম হচ্ছে না কোহলির। তবে কয়েক কোটি ডলারের এমনই এক প্রস্তাব সম্প্রতি ফিরিয়ে দিয়েছেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। কেন? ব্র্যান্ডটি ছিল একটি কোমল পানীয়ের, ফিটনেস সচেতন কোহলি যেটি নিজে কখনো পান করতে চান না। সিএনএন-আইবিএনকে নিজের ভাবনাটা কোহলি জানালেন এভাবে, ‘যদি আমি নিজে কিছু না খাওয়ার সিদ্ধান্ত নিই, শুধু টাকা পাচ্ছি বলে অন্যদের সেটি খেতে উৎসাহিত করতে পারি না।’ সঠিক যুক্তিই তো! হিন্দুস্তান টাইমস।
বান্ধবীকে পিটিয়ে
সম্পর্কে বান্ধবী, একই ছাদের নিচে থাকতেন একসময়। কথা-কাটাকাটিও হতেই পারে এমন সম্পর্কে, তাই বলে গায়ে হাত তোলার অধিকার তো কিংসলে কোমানকে কেউ দেয়নি! সম্ভবত সেটি বেমালুম ভুলে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখের ২১ বছর বয়সী ফ্রেঞ্চ উইঙ্গার। সে জন্য জরিমানাও অবশ্য গুনতে হচ্ছে এখন। ঘটনাটা গত জুন মাসের। বান্ধবী ও মডেল সেফোরা গোইগাঁকে প্যারিসে তাঁরই বাড়িতে আক্রমণ করে বসেন কোমান। প্রেমের সম্পর্ক তখনই শেষ, সেফোরা অভিযোগ তোলেন আদালতেও। পরশু ফ্রান্সের মক্সের আদালতে শুনানিতেও ছিলেন সেফোরা। বাদীপক্ষের আইনজীবীর দাবি মেনে কোমানকে জরিমানা করা হয়েছে। অবশ্য অঙ্কটা বায়ার্ন উইঙ্গারের জন্য নস্যি—মাত্র ৫ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। এএফপি।