অন্যকলাম
ভুল বেশ
বড়দিনের আমেজ ছিল তখনো। এর সঙ্গে মিলে গিয়েছিল জন্মদিনের উপলক্ষ। নিজের বাসায় কাছের মানুষদের নিয়ে একটা পার্টির আয়োজন করে ফেললেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিং। মজা করে আরব বেশ ধারণ করেছিলেন। বেশটা সাধারণ নয়, আত্মঘাতী বোমারুর! কীভাবে যেন ছবিটা পেয়ে পরশু সেটা প্রচ্ছদে ছেপে দেয় ইংলিশ ট্যাবলয়েড দ্য সান। সঙ্গে সঙ্গেই মৌচাকে ঢিল! শুরু হয়ে যায় তীব্র সমালোচনা। পরে অবশ্য স্মলিং দাবি করেছেন ‘জাগেরবম্ব’ নামে একটা পানীয় নিয়ে হাসির নাটক করতে গিয়ে এমনটা করেছেন। কিন্তু তাতে সবাইকে কি থামানো যায়? পরে ক্ষমাই চাইতে হয়েছে স্মলিংকে! এএফপি।
বাহ্ বায়ার্ন!
মিউনিখ থেকে সমর্থকদের যেতে হবে লন্ডনে। আসা-যাওয়ার খরচ তো আছেই, থাকা-খাওয়ার পেছনেও গাঁটের পয়সা বেরিয়ে যাবে অনেক। সঙ্গে যদি দিতে হয় টিকিটের দাম, তাহলে তো অনেকের জন্য ব্যাপারটা কঠিন হয়ে যায়। কিন্তু দলকে উৎসাহ দিতে সমর্থক তো লাগবেই! বায়ার্ন মিউনিখ ক্লাব কর্তৃপক্ষ তাই টিকিটের একটা অংশ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সামনের মাসেই আর্সেনাল-বায়ার্নের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। লন্ডনে অ্যাওয়ে সমর্থকদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৭৫ পাউন্ড। ক্লাবের অর্থানুকূল্যে সমর্থকদের দিতে হবে ৪৫ পাউন্ড। এই না হলে ক্লাব! ওয়েবসাইট।