অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামার হার

যুক্তরাষ্ট্র জিতবে নাকি কানাডা? সোচি অলিম্পিকের আইস হকিতে নিজ নিজ দেশের পক্ষে বাজি ধরেছিলেন দুই ভদ্রলোক। শর্ত ছিল, বাজিতে হারলে এক কেস বিয়ার দিতে হবে। জয় হয়েছে কানাডার ভদ্রলোকের, যুক্তরাষ্ট্রকে দুই বিভাগেই হারিয়েছে কানাডা। কিন্তু বাজি ধরেছিলেন কারা? একজন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, অন্যজন কানাডার প্রধানমন্ত্রী স্টিভেন হারপার! চার বছর আগে ভ্যাঙ্কুভার অলিম্পিকেও বাজি ধরেছিলেন দুজন। সেবারও জিতেছিলেন হারপারই! ওয়েবসাইট।

সাহায্য

মানুষ মানুষের জন্য...। নিজেদের বেতনের টাকা দিয়েই সেটা প্রমাণ করলেন গ্রিস জাতীয় দলের খেলোয়াড়েরা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফা ভূমিকম্পে অন্য সবকিছুর সঙ্গে লন্ডভন্ড হয়েছে কেফালোনিয়া দ্বীপপুঞ্জের একটা নার্সিং হোম। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন ৩৬ জন বৃদ্ধ। অসহায় বৃদ্ধদের কথা ভেবেই লিক্সোরি নামের নার্সিং হোমটা মেরামতের জন্য নভেম্বর মাসের পুরো বেতনই দান করে দিয়েছেন গ্রিসের ২৩ খেলোয়াড়। নভেম্বরের বেতন কেন? নভেম্বরেই যে রোমানিয়াকে প্লে-অফে হারিয়ে গ্রিস বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে! এএফপি।

ম্যারাডোনার ভিডিও

ড্যানিয়েল স্টারিজের সেই গোলের রহস্যটা জানা গেল এবার। ম্যাচের আগে বসে বসে ডিয়েগো ম্যারাডোনার ভিডিও দেখেছিলেন। রপ্ত করেছিলেন গোল করার কৌশল। গত বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডেনমার্কের বিপক্ষে স্টারিজের একমাত্র গোলেই জিতেছে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে লিভারপুল স্ট্রাইকার দুর্দান্ত গোলটা করেছিলেন হেড করে। স্টারিজ নিজেই বলেছেন, ম্যাচের আগে দেখা ম্যারাডোনার ভিডিওটাই তাঁকে সাহায্য করেছে। শুধুই কি ম্যারাডোনার ভিডিও, ফুটবলার হিসেবে উন্নতি করতে পেলে, রোনালদো, মাইকেল ওয়েন এমনকি পল গ্যাসকোয়েনের ভিডিও দেখেন ইংলিশ তরুণ। স্টারিজের দুর্দান্ত ফর্মের রহস্য তাহলে এটাই! ওয়েবসাইট।