
ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সঙ্গে একটা করে ম্যাচ শেষ হয়, আর প্রতিপক্ষ হয়তো মনে মনে সেপ ব্ল্যাটারকে গালমন্দ করেন! কী দরকার ছিল রিয়াল তারকাকে এভাবে খেপিয়ে তোলার! ক্রোধের অনলে তো আর ব্ল্যাটার পুড়ছেন না, পুড়ছে প্রতিপক্ষ দলগুলো।
রোনালদোর নাকি খেলার চেয়ে বেশি মনোযোগী চুলের যত্নে, মাঠে আচরণ নাকি কমান্ডারদের মতো—সপ্তাহ দুয়েক আগে ফিফা সভাপতির মুখ থেকে এমন কথা শোনার পর থেকেই তেতে আছেন রিয়াল তারকা। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দলগুলোকে গোলে ভাসাচ্ছেন। বিশ্বাস হচ্ছে না? ব্ল্যাটারের ওই মন্তব্যের পর চারটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে রোনালদো একাই করেছেন ৯টি গোল!
ভেতরে ভেতরে কতটা জ্বলছেন রোনালদো সেটা বোঝা গিয়েছিল ব্ল্যাটারের মন্তব্য শোনার পরদিন লা লিগায় সেভিয়ার সঙ্গে ম্যাচেই। রোনালদোর হ্যাটট্রিকে রিয়াল জেতে ৭-৩ গোলে। পরশু রাতে আরও একবার হ্যাটট্রিক করে সোসিয়েদাদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বোঝালেন—ক্ষোভটা এখনো কমেনি তাঁর। ম্যাচ শেষে গোল টেলিভিশনের সঙ্গে প্রতিক্রিয়াতেও কণ্ঠে সেই ঝাঁজ, ‘যা করার আমি মাঠেই করছি। মনে হয় না বেশি কথা বলার দরকার আছে।’
এই তিন গোল নিয়ে লা লিগায় ১৩ ম্যাচে ১৬ গোল, চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে ৮টি। সঙ্গে পর্তুগালের হয়ে করা আরও চারটি গোল যোগ করলে সব মিলিয়ে এই মৌসুমে ২৮ গোল, এই বছরে ৬২টি। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা-ব্যালন ডি’অর এবার তাঁর হাতে না উঠলে সেটাই বরং আশ্চর্যের হবে। অবশ্য পুরস্কার নয়, দলের জয়ই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন পর্তুগিজ উইঙ্গার, ‘আমি ব্যালন ডি’অর নিয়ে কথা বলতে চাই না। এটা আমার হাতে নেই, তাই আমি এসব নিয়ে ভাবি না। উত্তরটা তো মাঠেই দেওয়া আছে। আমার একমাত্র ভাবনা হচ্ছে দলকে সাহায্য করা এবং জয়ে অবদান রাখা।’ এএফপি।
মৌসুমের মাত্র তিন ভাগের এক ভাগ যেতেই তিনটি হ্যাটট্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদের সঙ্গে হ্যাটট্রিকটাসহ রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর মোট হ্যাটট্রিক ২৩টি, যার ১৯টি লা লিগায়। লিগে হ্যাটট্রিকের সংখ্যায় পেরিয়ে গেছেন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে (১৮টি)। সামনে তেলমো জারা (২১) ও আলফ্রেডো ডি স্টেফানো (২১)। এমন একজনকে দলে পেয়ে তাই মুগ্ধতার শেষ নেই কোচ কার্লো আনচেলত্তিরও, ‘ও যে মানের খেলোয়াড়, সেটা এই বিশ্বের কেউ হতে পারে না। সে অন্য গ্রহের। এত অবিশ্বাস্য সহজভাবে ও গোল করে যে প্রশংসার ভাষা খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়।’