অন্যরকম নাসির

স্বপ্নের বীজ মনের জমিনে নাসির হোসেন বপন করেছিলেন খুব ছোটবেলাতেই। স্বপ্নটা ক্রিকেটার হওয়ার। খুব বড় ক্রিকেটার। বাইশ গজের চৌহদ্দির এই খেলাটি সেই ছোট্টবেলা থেকেই অসম্ভব ভালো লাগে তাঁর। ১৬ বছর আগে উত্তরবঙ্গের এক জেলা শহরে বসে সাক্ষী হলেন ইতিহাসের। বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে ঢুকে গেল বিশ্বকাপের আঙ্গিনায়। বাড়িতে বসে বেতারে বাংলাদেশের খেলাগুলো শুনতেন আর ভাবতেন, ইশ, কোনো দিন যদি ইথারে এমনি করে ভেসে আসত তাঁর নিজের কোনো কীর্তি!
আইসিসি ট্রফি জয়ের পর উত্সবে উন্মাতাল হলেন নাসিরও। পাড়ার ছেলেদের নিয়ে বের করলেন মিছিল। উত্সবের রঙে রঙিন হলেন নিজে, রাঙালেন অন্যদেরও। উত্সব করতে করতেই মনের মধ্যে সেই স্বপ্নের বীজটা রোপিত হলো, ‘একদিন আমার কারণে যদি এভাবে উত্সবে রঙিন হতে পারে পুরো দেশ!’ সেই স্বপ্ন পূরণ করার উপায় একটাই—হতে হবে ক্রিকেটার। ক্রিকেটই তো পারে দেশের মানুষকে আনন্দের সাগরে ভাসাতে। ক্রিকেটই তো পারে দেশের মানুষকে সব দুঃখ ভুলিয়ে দিতে।
মনের গহিনে সযত্নে লালন করা ওই স্বপ্নটি ছুঁয়েছেন নাসির। বয়সভিত্তিক বিভিন্ন পর্যায় অতিক্রম করে তিনি এখন জাতীয় ক্রিকেট দলের একজন সদস্য। কেবল সদস্যই নন, এরই মধ্যে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরতার প্রতীক। ব্যাট হাতে অবলীলায় খুন করে যান প্রতিপক্ষের বোলারদের। দল বিপদে থাকলে তাঁর ব্যাট যেন আরও বেশি চওড়া হয়ে ওঠে। বিশ্বখ্যাত বোলারদের পাড়া-মহল্লার পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে জুড়ি নেই ‘মিস্টার ডিপেন্ডেবল’ এই নাসির হোসেনের।
১৬ বছর আগের রংপুরের ওই ছোট্ট ছেলেটি এই মুহূর্তে বয়ে বেড়াচ্ছেন ১৬ কোটি মানুষের স্বপ্ন। ব্যাপারটি ভাবতে কেমন লাগে নাসিরের? প্রশ্নটি শুনেই এক সারল্যমাখা হাসিতে উজ্জ্বল হলো তাঁর চেহারা, ‘ব্যাপারটি ভাবতে কার না ভালো লাগে বলুন। কিন্তু ভালো লাগার পাশাপাশি ভয়ও লাগে। যদি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারি!’ বোঝা গেল, ক্রিকেটের নাম, যশ, খ্যাতি মাথাটা একেবারে গুলিয়ে দেয়নি নাসিরের। তিনি খুব ভালোভাবেই বুঝতে পারেন, দেশবাসীর প্রত্যাশা বয়ে নিয়ে বেড়ানো অত সহজ নয়। বরং, পদে পদে এতে পা হড়কানোর আশঙ্কা।
নাসিরের সঙ্গে কথা হচ্ছিল গতকাল বৃহস্পতিবার। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়াম-সংলগ্ন জাতীয় ক্রিকেট একাডেমিতে বসে। কিছুক্ষণ আগেই ‘ফুটবল’ খেলে এসেছেন। পাঠক, ভ্রু কুঁচকানোর প্রয়োজন নেই। ঠিকই পড়ছেন। আষাঢ়ের ঝুম বৃষ্টিতে প্র্যাকটিস পণ্ড হয়ে যাওয়ায় ক্রিকেটাররা কাদায়-পানিতে মাখামাখি হলেন ফুটবল খেলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ উদ্যানে হঠাত্ই যেন শৈশবে ফিরে গেলেন ক্রিকেটাররা। মুশফিকুর, জহুরুল, শফিউল, সোহরাওয়ার্দীদের সঙ্গে হুটোপুটি করে ফুটবল খেললেন নাসিরও। হাসি-ঠাট্টা আর উচ্ছ্বাসে মাতিয়ে রাখলেন সবাইকে। কথা বলার সময়ও নাসিরের চোখেমুখে লেগে ছিল শৈশবের সেই ঘোর।
আগেই বলা হয়েছে, ক্রিকেটার হওয়ার স্বপ্নটা নাসিরের সেই ছোটবেলা থেকেই। বড় হয়েছেন রংপুরের মতো শান্ত এক শহরে। সেখান থেকে ঢাকায় এসে তিনি আজ জাতীয় বীর, আকাশচুম্বী তাঁর জনপ্রিয়তা। ব্যাপারটা তাঁকে মাঝে মাঝে অবাক করলেও তিনি এটা বিশ্বাস করেন। এসব কিছু খুব সহজে আসেনি তাঁর জীবনে। এর পেছনে আছে হাড়ভাঙা পরিশ্রম। অনেক ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, অনেক ত্যাগ, অনেক ছাড়ই তাঁকে নিয়ে এসেছে এই পর্যায়ে। অনেক কষ্টের পুরস্কার তিনি পেয়েছেন হাতে হাতেই।
একেবারে শূন্য থেকে উঠে আসতে পরিশ্রমের পাশাপাশি ইচ্ছাশক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নাসিরের কাছে, ‘মনের মধ্যে ইচ্ছাটা লালন করে যেতে হবে সব সময়। আমি কী হতে চাই—এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলাটাও খুব গুরুত্বপূর্ণ। আমি ছোটবেলা থেকে ক্রিকেটার হব বলে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সে অনুযায়ী পরিশ্রম করেছি। আমি মনে করি, প্রচণ্ড ইচ্ছাশক্তিই আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে।’
আন্তর্জাতিক অঙ্গনে নাসিরের খেলা দেখলে মনে হয়, ক্রিকেট খেলাটা বোধ হয় খুবই সোজা। ভয় নেই, কোনো চাপ নেই, অবলীলায় এভাবে খেলে যাওয়া যায়! নাসির নিজেই খোলাসা করলেন এই রহস্য, ‘ক্রিকেট মনোজাগতিক খেলা। মাঝে মাঝে প্রচণ্ড চাপ থাকে। কিন্তু, আপনি আপনার ভেতরের চাপ প্রকাশ করবেন কেন? আমি মাঠে নামার সময় ভাবি, চাপ প্রকাশ করা যাবে না। দিনের শেষে এটা তো একটা খেলাই। এতে খুব খারাপ করলে আমি শূন্য রানে আউট হব। এর বেশি কিছু তো না! তাই অযথা চাপ নিয়ে তো কোনো লাভ নেই। এই মানসিকতাটিই আমাকে ক্রিকেটটা এত সহজভাবে খেলতে সাহায্য করে।’
একেবারে শুরু থেকেই নাকি নাসিরের খেলার ধরনটা এমন। তাঁর মুখেই জানা, ‘আমি বয়সভিত্তিক খেলাগুলোতেও এভাবেই খেলতাম। ওখানে সফল হয়েই তো আমি আজ জাতীয় দলে।’
ক্রিকেটের বাইরে অনেক কিছুতেই আগ্রহ নাসিরের। গান শুনতে খুবই পছন্দ করেন। কিছুদিন আগে শখের বশেই একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। কাজটা করে প্রচণ্ড মজা পেয়েছেন নাসির। বিজ্ঞাপনচিত্রের খুঁটিনাটি নিয়ে আগ্রহ ছিল আগে থেকেই, নিজে মডেল হয়ে বুঝলেন কাজটা আসলে কেমন করে করতে হয়, ‘বিজ্ঞাপনটি করে আমি আসলে খুব মজা পেয়েছি। পরিচালক আমাকে সবকিছু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। ভবিষ্যতে এমন কাজ আরও করার ইচ্ছা আছে।’
রাজনীতি নিয়ে একেবারেই কথা বলতে চান না নাসির। রাজনীতি-সচেতন নন—এই কারণে নয়, রাজনীতির কথাবার্তাই তাঁর ভালো লাগে না, ‘রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। বিষয়টি নিয়ে আমার আগ্রহ একেবারে শূন্যের কোটায়।’
দেশের হয়ে আরও অনেক দিন খেলতে চান নাসির। এই ‘অনেক দিন’ ‘কত দিন’ এই প্রশ্নে একটু ধাক্কাই খেলেন যেন, ‘ব্যাপারটি নিয়ে এখনো ভাবিনি। তবে কমপক্ষে ১০ বছর তো খেলতে চাই-ই। এরপর সিদ্ধান্ত নেব ফর্ম ও অন্যান্য বিষয় বিবেচনা করে। এটা অন্তত বলতে চাই, যতদিন খেলব নিজের সেরাটাই দিয়ে যাব দেশকে।’