অন্যের ব্যাটেই নির্ভার নাসির
নিজের চারটা ব্যাট আছে। তবে না পারতে সেগুলো দিয়ে ব্যাট করেন না নাসির হোসেন। সামনে যে ব্যাট পান, সেটা নিয়েই নেমে পড়েন। এই অভ্যাস ছোটবেলার এবং এটা নিয়ে তখন বন্ধুদের কথাও শুনতে হতো মাঝেমধ্যে। তবে জাতীয় দলের সতীর্থদের কেউ কখনো ব্যাট দিতে আপত্তি করেনি নাসিরকে। কালও যেমন ৭৭ রানের ইনিংসটা খেললেন অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট দিয়ে।ক্রিকেটারদের মধ্যে অনেক গোপন কুসংস্কার থাকে। ভাবতে পারেন নাসিরের অন্যের ব্যাট দিয়ে ব্যাট করাও বুঝি সে রকম কিছু। হয়তো পরের ব্যাট দিয়েই রান করতে পারেন সহজে। আসলে তা নয়, ‘সে রকম কোনো কারণ নেই। এটা একটা অভ্যাস বলতে পারেন। ছোটবেলা থেকেই হাতের কাছে যেটা পাই সেটা নিয়ে মাঠে নামি। আমার নিজের চারটা ব্যাট আছে। কিন্তু নিজের ব্যাট দিয়ে ব্যাট করেছি খুব কমই।’ব্যাট যারই হোক, সেটা যখন নাসিরের হাতে থাকে, মনে হয় ব্যাটিংটা অনেক সহজ। ব্যাটিং করতে করতে গান-গাওয়া, শিস দেওয়া নাসিরের নির্ভার চরিত্রের আরেকটা ছবি। অবশ্য বাইরে থেকে দেখা এই ছবিটা সব সময় সত্যি নয় বলেই মনে হয়েছে কাল নাসিরের কথা শুনে, ‘ব্যাটিং আসলে ততটা সহজ মনে হয়নি এই উইকেটে। আমরা তো এ রকম উইকেটে খেলে অভ্যস্ত না। তা ছাড়া এমন না যে ওরা খুব খারাপ বোলিং করছে। তবে আমি আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করেছি।’২০১১ সালে এই জিম্বাবুয়েতেই ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেক। তাই বলে জিম্বাবুয়ে নিয়ে বাড়তি আবেগ নেই। তবে হ্যাঁ, হারারে স্পোর্টস ক্লাব মাঠে পা দিলেই নাসিরের মনে হয়—আরে! এটা তো সেই মাঠ! কাল আর ২৩টা রান করতে পারলেই মাঠটা মনের মণিকোঠায় ঠাঁই পেয়ে যেত। কিন্তু টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা হারিয়ে গেল সুবাস বিলিয়েই। নাসিরের অবশ্য এটা নিয়ে কোনো আক্ষেপ আছে বলে মনে হলো না, ‘আসলে সেঞ্চুরির টার্গেট ছিল না আমার। তবে ভেবেছিলাম গাজী (সোহাগ) যতক্ষণ আছে স্বাভাবিক খেলাটা খেলে যাব। ও আউট হওয়ার পরই চিন্তাটা নড়ে গেল...।’টেস্টেও কতটা আক্রমণাত্মক ব্যাটিং করা যায়, আগের দিন তার ‘চমৎকার’ বিজ্ঞাপন করে গেছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। দিন শেষে ৩৯ বলে ৩৭ রান করা নাসিরও সেই বিজ্ঞাপনের দুর্দান্ত মডেল। সবার কথা না বললেও নাসির নিজের এ রকম ব্যাটিংয়ের একটা ব্যাখ্যা দিলেন, ‘একেকজন একেকভাবে খেলে। আমি রান করতে পছন্দ করি। বল খেললাম কিন্তু রান করলাম না, এ রকম হলে চাপে পড়ে যাই। অন্তত ২০-২৫টা রান হলে মনে হয় আমি সেট।’ সঙ্গে অবশ্য এটাও মানছেন, প্রথম ইনিংসে বেশির ভাগ সতীর্থ ব্যাটসম্যানই উইকেট উপহার দিয়ে এসেছেন জিম্বাবুয়ের বোলারদের, ‘আমাদের অনেক ব্যাটসম্যানই উইকেট দিয়ে এসেছে। এটা না হলে দলের রান ৪৫০-৫০০ হতো।’নাসির তবু আশাবাদী, ‘বোলাররা এই রানটাকেই যথেষ্ট প্রমাণ করতে পারবেন প্রথম ইনিংসে। তা ছাড়া প্রথম টেস্টটা ৩৩৫ রানে জিতলেও জিম্বাবুয়ে এখনো বাংলাদেশের চেয়ে বড় দল হয়ে যায়নি বলেই বিশ্বাস নাসিরের। সমস্যা কেবল একটাই, ওদের কন্ডিশনে ওরা অনেক ভালো দল।’অনেক প্রাচীন একটা কথা। তবে জিম্বাবুয়েতে খেলতে এসে নির্ভার নাসিরকেও সেটা মনে রাখতে হচ্ছে প্রতি মুহূর্তে।