এশিয়া কাপে কত দূর যাবে চীন? ট্রফিটা তাদের হাতে খুব কম লোকই দেখছে। কিন্তু সেটা যদি পেয়েই যায়, তাহলে খানিকটা কৃতিত্ব ১২ বছর বয়সী স্টিভেন হোয়াইট দাবি করতেই পারে! ব্যাপারটা গোলমেলে লাগছে? হোয়াইটের জন্যই তো তিন দিন আগে সৌদি আরবের বিপক্ষে মহামূল্য জয়টা পেল চীন! ম্যাচটা তখনো গোলশূন্য। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছিল সৌদি আরব। কিন্তু নাইফ হাজাজির কিকটা ঠেকিয়ে দেন চীনের গোলরক্ষক ওয়াং দালেই। হাজাজি যখন কিকটা নেবেন, গোলপোস্টের পেছনেই ছিল বলবয় হোয়াইট। ওয়াং তার কাছে জানতে চেয়েছিলেন, কোন দিকে ঝাঁপ দেবেন। হোয়াইট বলেছিল, বাঁ দিকে। আর হাজাজি কিকটা করলেন ওদিকেই। বাকি কাজটা করতে ওয়াংয়ের সমস্যা হয়নি। চীনের কাছে ‘দেবদূত’ হয়ে আসা বালকটিকে কি ভোলা যায়? উজবেকিস্তান ম্যাচের অনুশীলনে তাকে আমন্ত্রণ জানিয়েছে চীনা দল। এএফপি।
সেলফিস্টিক নয়
খেলা দেখতে মাঠে যাবেন? সেখানে একটা সেলফি না তুললে কেমন দেখায়! তুলবেন ভালো কথা, সেটা করতে কোনো মানা নেই। কিন্তু সঙ্গে সেলফি তোলার জন্য একটা দণ্ড নিয়ে গেলে খুব ভালো হয়। ‘সেলফিস্টিক’ নামের এই যন্ত্রটা ভালোই জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু ফুটবল মাঠে এটির ব্যবহারে বেশ হ্যাপাই যায়। ধরুন, আপনি সেলফিস্টিক দিয়ে ছবি তুলতে যাওয়ার সময় দল গোল করে বসল। উত্তেজনায় এই দণ্ডের সঙ্গে মাথা ঠোকাঠুকি হয়ে কেউ চোটও পেতে পারেন। আর ফুটবল মাঠে এমনিতেই অস্ত্রজাতীয় কোনো কিছু বহন নিষিদ্ধ। এটা তো দুই ঘা বসানোর জন্যও মোক্ষম এক অস্ত্র। আর্সেনাল ও টটেনহাম তাই নিজেদের মাঠে ‘সেলফিস্টিক’ নিষিদ্ধ করেছে। পরশু এমিরেটসে ঢোকার সময়েই অনেক ভক্তের স্টিক জব্দ করা হয়েছে। মিরর।