অপমানিত অমরনাথ!
দিল্লির ফিরোজ শাহ কোটলায় গতকাল ভারতীয় নির্বাচকদের এক সভা ছিল। কিন্তু একটি বিরাট ভুল বোঝাবুঝি ও নাটকীয় ঘটনা সেই সভাকে কলঙ্কিত করেছে। নিরাপত্তারক্ষীদের বাড়াবাড়িতে রীতিমতো অপমানিত হয়েছেন অন্যতম নির্বাচক, সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথ।বাড়াবাড়ি যেটা হয়েছে, তা হলো, ভারতীয় নির্বাচক হিসেবে অমরনাথের কাছে বিসিসিআইয়ের কেন্দ্রীয় অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন স্টেডিয়ামে ঢোকার একটি ডিজিটাল পাশ নিয়ে আসতে—যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে ভেতরে ঢুকতে হয়। তবে ব্যাপারটির সমাধান সহজেই হয়ে যেত যদি নিরাপত্তারক্ষীরা তাঁকে সহযোগিতা করতেন। কিন্তু তাঁরা সেটা না করায় ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। ফিরোজ শাহ কোটলায় কর্মরত নিরাপত্তা ইউনিটের কেউই অমরনাথকে চেহারায় চেনেন না—এমন তো হতে পারে না!স্টেডিয়ামে ঢুকতে না পেরে অমরনাথ রাগ করে সেখান থেকে চলে যেতে উদ্যত হন। সেই সময় প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত সেখানে উপস্থিত হয়ে ব্যাপারটির মীমাংসা করার চেষ্টা করেন। তবে তাতেও মন গলেনি নিরাপত্তারক্ষীদের। পরে অমরনাথ বাড়িতে গিয়ে আবার পাস নিয়ে সন্ধ্যার সময় স্টেডিয়ামে ঢুকতে সক্ষম হন। নির্বাচনী সভা পিছিয়ে যায় এক ঘণ্টারও বেশি সময়। এদিকে, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘অমরা সত্যিই দুঃখিত যে অমরনাথের মতো একজন ব্যক্তিত্ব এমন একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।’ তবে তিনি একই সঙ্গে এও বলেছেন, কোনো অবস্থাতেই নিরাপত্তা পদ্ধতির ব্যত্যয় ঘটানো সম্ভব নয়। এ ব্যাপারে দুঃখিত হওয়া ছাড়া তাঁদের নাকি কিছুই করার নেই। টাইমস অব ইন্ডিয়া।