অপমানিত বোধ করছেন না মরিনহো
দীর্ঘ ১০ বছরের কোচিং ক্যারিয়ারে যখন যেখানে গিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন মরিনহো। পর্তুগিজ ক্লাব পোর্তোকে এনে দিয়েছেন টানা দুইবারের লিগ শিরোপা ও একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এরপর চেলসিতে গিয়ে ৫০ বছর পর টানা দুইবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন এই ইংলিশ ক্লাবটিকে। চেলসি থেকে ইন্টার মিলানে গিয়ে গত মৌসুমে ৪৫ বছর পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন ইন্টার মিলানকে। এবার রিয়াল মাদ্রিদের শিরোপা খরা ঘোচানোর মিশন নিয়ে স্পেনে এসেছেন এই স্বঘোষিত স্পেশাল ওয়ান। টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে শুরুটাও করেছেন বেশ ভালোভাবেই। কিন্তু গতকাল ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে হেরে গিয়ে প্রথম হোঁচটটা খেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রথম ১২ ম্যাচ শেষে শীর্ষস্থানে থাকলে এই হারের ফলে বার্সেলোনাকে ছেড়ে দিতে হয়েছে শীর্ষস্থানটা। ৫-০ গোলের বিশাল ব্যবধানের এই হারকে অনেকেই লজ্জাজনক বলে আখ্যায়িত করলেও তা একেবারেই মানতে চাচ্ছেন না মরিনহো।এই হারটা কোনোভাবেই অপমানজনক নয় দাবি করে তিনি বলেছেন, ‘এই হার হজম করা অনেক সহজ। কারণ এখানে আমাদের জেতার কোনো সুযোগই ছিল না। একটা দল তাদের সেরা খেলাটা খেলেছে, আরেকটা দল খেলেছে খুবই বাজেভাবে। বার্সেলোনা অনেক বছর ধরে ধীরে ধীরে নিজেদের একটা গোছানো অবস্থায় নিয়ে এসেছে, আর রিয়াল মাদ্রিদকে একটা কার্যকর দলে পরিণত করতে এখনো সময় লাগবে বলে মন্তব্য করেছেন মরিনহো।হারটাকে দুঃখজনক বলে স্বীকার করলেও এটা নিয়ে এক মুহূর্তও হা-হুতাশ করতে রাজি নন তিনি। বরং এখন পরবর্তী ম্যাচগুলো জেতার জন্য আরও কঠিন পরিশ্রম করার জন্য শিষ্যদের চাঙ্গা করে তুলতে চান মরিনহো। ইতিমধ্যেই তিনি আগামী শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হারটা কী রিয়াল মাদ্রিদ এত সহজে ভুলতে পারবে? খোদ মরিনহোও ন্যু ক্যাম্পে টানা ছয়বারের মতো হারের মুখ দেখলেন বার্সেলোনার কাছে। কিন্তু তারপরও তাঁর শিষ্যরা এই হারের ফলে ভেঙে পড়বে না বলেই আশা মরিনহোর। আর বার্সেলোনাকে তাদের নিজেদের মাঠে হারানোর আশাও ছেড়ে দেননি তিনি। বলেছেন, ‘কে জানে, হয়তো চ্যাম্পিয়নস লিগে আমরা আবারও ফিরে আসব এই স্টেডিয়ামে।’ রয়টার্স।