অপমানিত-ব্যথিত এক অ্যাথলেট
একটু আগে হাসপাতাল থেকে এসেছেন। শরীরে মোটামুটি বড় একটা অস্ত্রোপচার হয়েছে। এর ফলে ভবিষ্যতে মা হতে পারবেন কি না, একটু দুশ্চিন্তা ছিল। তবে চিকিৎসক বলেছেন, সব ঠিক আছে। সমস্যা নেই।ঢাকায় এলে শান্তিনগরে ‘মিলন স্যারের’ বোনের ফ্ল্যাটে থাকেন। নোয়াখালীতে যেমন ‘মিলন স্যারের’ বাড়িই তাঁর ঠিকানা। মিলন স্যার হলেন নাজমুন নাহারের (বিউটি) কাছে দেবতুল্য মানুষ। তাঁর ‘আশ্রয়দাতা’।কাল রফিকউল্লাহ আক্তার মিলনের বোনের (ওই বোনও একসময় থ্রো ইভেন্টে প্রথম সারির অ্যাথলেট ছিলেন) শান্তিনগরের বাসায় দেখা মিলল অন্য এক বিউটির। বিছানায় শোয়া শরীরটা নাড়ানোর শক্তি নেই সদ্য সাবেক হওয়া দেশের দ্রুততম মানবীর। চেহারাটা মলিন। মনে ঝড়, বেদনা, হাহাকার।‘হাসপাতালের বেডে শুয়ে ভাবছিলাম, সবাই আমাকে চেনে। ৮-৯ বছরের মাঠ কাঁপানো অ্যাথলেট। ১০০, ২০০ ও ৪০০ মিটারের রেকর্ডধারী। এখন আমি অসুস্থ। অথচ আমার পাশে কেউ নেই’—বিউটির আক্ষেপ।বিউটির জীবনের গল্পে এ আর নতুন কী! মা-বাবাহারা নোয়াখালীর এতিমখানায় বড় হওয়া মেয়ের কণ্ঠটা এরপর ধরে আসে, ‘আমি অসুস্থ। কিন্তু কেউ আমাকে বলল না, তোমার খেলা লাগবে না। তুমি বিশ্রাম নাও। এটাই আমার বড় একটা দুঃখ।’২-৩ অক্টোবর জাতীয় সামার মিটে অনিচ্ছা সত্ত্বেও খেলেছেন। অসুস্থ বিউটি এই মিটে ২০০ মিটারে হেরেছেন নোয়াখালীরই আরেক মেয়ে শামসুন্নাহার চুমকির কাছে। ১০০ মিটারে ডিসকোয়ালিফায়েড। এমন বিব্রতকর অবস্থায় পড়তে চাননি হাজারো বাধা ডিঙিয়ে এত দূর আসা অ্যাথলেট, ‘দীর্ঘদিন ধরে দ্রুততম মানবী ছিলাম। একটা মিট না খেললে কী হতো! অসুস্থতার ব্যাপারটা বিজেএমসিকে বলেছিলাম। কিন্তু তারা বলেছে, “আরে খেলো, কিছু হবে না।” চাকরির জন্য আমাকে বাধ্য করা হয়েছে খেলতে। আমি হেরে গেছি। অথচ এর কদিন পরই আমার পেটে একটা অপারেশন করতে হলো।’বিউটির মনে আরও ক্ষোভ, ‘অপারেশনের জন্য বিজেএমসির কাছে দরখাস্ত দিয়ে আর্থিক সহযোগিতা চেয়েছিলাম। তা তো করেইনি, একটা লোক আমাকে দেখতে পর্যন্ত যায়নি। আমি বিজেএমসির পরিচালক জয় স্যারকে (ফুটবলার আরিফ খান জয়) অনেকবার ফোন করলেও ফোন ধরেননি। পরে অবশ্য পেয়েছি।‘জয় স্যার আমাকে বললেন, “তোমার জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি।” শুনে কান্না এসেছে। আমি অসুস্থ, তবু খেলেছি। সেই মূল্যটাও পাইনি। মানুষের জীবন বড়, না চ্যাম্পিয়নশিপ বড়। এ ধরনের কথায় নিজেকে শুধু সান্ত্বনা দিয়েছি, হায় রে, এই হলো পুরস্কার!’অ্যাথলেটিকস ফেডারেশনই বা কী করল? একটাই করেছে—বিউটির ভাষায়, ‘অপমান!’ ‘ফেডারেশনে থেকে আর্থিক সাহায্য চেয়েছি। ফেডারেশন ১০ হাজার, ইব্রাহিম চেঙ্গিস ভাই ১০ হাজার, চাঁদপুরের কালাম সাহেব ৫ হাজার, অনু আপা ২ হাজার দিয়েছেন। ৪০ হাজার টাকা তাঁরা এনে আমাকে দিয়ে গেছেন। এভাবে জনে জনে টাকা তোলায় আমি অপমান বোধ করছি। ফেডারেশন-বিজেএমসি চাইলেই টাকাটা দিতে পারত। টাকাটা আমি নিয়েছি, উপকারও হয়েছে। কিন্তু এভাবে আমি চাইনি।’পরক্ষণেই ডুব দেন হতাশায়, ‘বিজেএমসিতে মেট্রিক পাস করেনি, কতজন বড় বড় পদে আছে। আমি ডিগ্রি পরীক্ষা দেব সামনে। কতজনের কাছে গেছি, জুতার তলা ক্ষয় হয়ে গেছে, একটা প্রমোশনের জন্য। ১০ বছর পর আমাকে উচ্চমান সহকারী পদে পদোন্নতি দেওয়া হয়েছে’—বলতে বলতে প্রশ্ন তোলেন, ‘এভাবে কেউ খেলাধুলায় আসবে?’বিউটির বিয়ে নিয়ে কথা হচ্ছে। ‘মিলন স্যার’ ও তাঁর পরিবারের এখন একটাই দুশ্চিন্তা, বিউটিকে সুপাত্রস্থ করা। তবে বিউটির ভাবনা সেই ট্র্যাক ঘিরেই—‘এখনই অবসর নয়। শ্রেষ্ঠত্ব ফিরিয়ে নিয়েই ট্র্যাক ছাড়ব আমি। এই আমার প্রতিজ্ঞা।’চ্যালেঞ্জ জয় করার সুনাম তো আছে বিউটির!