অপমানে নীল ইংরেজরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গালুরুর এই ম্যাচটির আগে আয়ারল্যান্ডের পক্ষে বাজির দর ছিল ৪০০:১। কিন্তু, দিন শেষে আয়ারল্যান্ডের পক্ষেই হয়ে গেল বাজিমাত। বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের একটি স্মরণীয় রূপকথা রচিত হলো বেঙ্গালুরুর ‘প্রায় খালি’ চিন্নাস্বামী স্টেডিয়ামে। কর্মব্যস্ত দিন শেষে সন্ধ্যাটি কাটাতে যাঁরা গতকাল মাঠে উপস্থিত হয়েছিলেন, তাঁরা প্রাণভরে উপভোগ করেছেন কেভিন ও’ব্রায়েন নামের এক ‘অখ্যাত’ ক্রিকেটার কীভাবে নাড়িয়ে দিলেন ক্রিকেট নিয়ে ইংলিশদের বিশ্বাসের ভিত। অ্যাশেজ জিতে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে থাকা স্ট্রাউস, পিটারসেনরা কীভাবে তথাকথিত ‘চুনোপুঁটি’দের কাছে অসহায়ভাবে নিজেদের সমর্পণ করলেন।জাতি হিসেবে ইংরেজরা খুবই জাত্যাভিমানী। যাঁদের সাম্রাজ্যে একসময় সূর্য ডুবতো না বলে কথিত ছিল, সেই জাতি সব সময়ই নিজেদের উঁচু মাথা দেখেই অভ্যস্ত। তাই জাত্যাভিমানের অস্বাভাবিক কোনো ছন্দপতন তাঁদের ক্ষোভে লাল করে দেয়, অপমানে করে দেয় নীল। নিজেদের উঁচু মাথা হেঁট হয়ে লজ্জাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বিষয়। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণে বিস্ময় নয়, হতাশা নয়—সবকিছু ছাপিয়ে ব্রিটিশদের পেয়ে বসেছে লজ্জা। আয়ারল্যান্ডের কাছে পরাজয়ের সীমাহীন লজ্জা। আইরিশদের কাছে পরাজয়টা কিছুতেই মেনে নিতে পারছে না ব্রিটিশ মিডিয়া। “ইংল্যান্ডকে লজ্জা দিলেন ও’ব্রায়ান”—ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর শিরোনামটা এ রকমই। ও’ব্রায়েন ভাইদের ছোট জোশ কেভিন ও’ব্রায়েনের কাছে ইংল্যান্ড পরশু কতটা অসহায় হয়ে পড়েছিল, তা বর্ণনা করতে গিয়ে পত্রিকাটি লিখেছে, “ও’ব্রায়েনের দ্রুততম বিশ্বকাপ সেঞ্চুরির কাছে ইংল্যান্ডকে মনে হচ্ছিল পানশালার কোনো দল।’টেলিগ্রাফ তাদের সম্পাদকীয়তে তুলে এনেছে ইংল্যান্ডের ক্রীড়াক্ষেত্রে লজ্জাজনক ব্যাপারগুলো। সবকিছু মিলিয়ে কাল আয়ারল্যান্ডের কাছে পরাজয়টিকেই সেক্ষেত্রে ১ নম্বরে রাখছে তারা, ‘অতীতে ইংল্যান্ডের জাতীয় দলগুলো কিছু বাজে পরাজয় দেখেছে। গতকালের (পরশু) আগ পর্যন্ত ১৯৫০ সালে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়টিই ছিল সবচেয়ে লজ্জাজনক। তবে বেঙ্গালুরুতে এই বিশ্বকাপের গ্রুপ পর্বে আয়ারল্যান্ড যে কীর্তি গড়ল, তা অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে।’ইংল্যান্ডের ৩২৭ রান তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ড যখন ৫ উইকেটে ১১১, আইরিশদের জয়ের পক্ষে বাজির দর তখন ৪০০: ১। এ জায়গা থেকে ইংল্যান্ডকে নাকানি-চুবানি দিয়ে ম্যাচ বের করে নিয়ে যান কেভিন। ইংল্যান্ড দলের জন্য কেভিন কত বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছিল, সেটা বোঝাতে দ্য টাইমস-এর প্রতিবেদক রিচার্ড হবসন তাঁর প্রতিবেদন লিখেছেন, “চুলে গোলাপি রং করা ও’ব্রায়েন সত্যিকার অর্থেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একসময় মনে হচ্ছিল তিনি ক্রিকেটার নন যেন দ্রুতলয়ের রক-সংগীত দলের কেউ।’ও’ব্রায়েনের প্রশংসা ছিল টেলিগ্রাফ-এর প্রতিবেদক সাইমন ব্রিগসের লেখাতেও। তাঁর লেখায় উঠে এসেছে সাধারণ একজন ক্লাব ক্রিকেটার থেকে বিশ্বকাপের ম্যাচ উইনার হয়ে যাওয়ার অসাধারণ কীর্তির কথা, ‘প্যাপলউইক ও রেলওয়ে ইউনিয়ন (ও’ব্রায়েনের ক্লাব দল) থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামের দূরত্ব যদি অনেক হয়, তাহলে ক্লাব ক্রিকেট থেকে বিশ্বকাপ ক্রিকেটে আসাটাও অনেক বড় ব্যাপার। তবে কেভিন ও’ব্রায়েনের ইংল্যান্ডকে ধ্বংস করে দেওয়া ইনিংসটা দেখে তা মনে হয় না।’হবসন তো এখন এই বিশ্বকাপে ইংল্যান্ডের ভবিষ্যত্ নিয়েই শঙ্কায় পড়ে গেছেন, ‘ইংল্যান্ডের এখন বিশ্বকাপে থাকাটাই কঠিন হয়ে পড়েছে।’ হবসনের সঙ্গে একমত নন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, তবে ইংল্যান্ডকে নিয়ে এখন আর বিশ্বকাপ জয়ের স্বপ্ন তিনি দেখছেন না, ‘ইংল্যান্ড এখনো বাদ পড়ে যায়নি, তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভালো না করলে বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই তাদের নেই।’ ভনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এ কথায় সমর্থন দিয়েছেন আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনও।ওয়েবসাইট।