প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ আবার সেই পর্তুগালের মুখোমুখি স্পেন। ২০০৪ সালে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে এই পর্তুগালের বিপক্ষে হেরেই বিদায় নিশ্চিত হয়েছিল স্প্যানিশদের। ওই শেষ, এরপর আর ইউরোতে হারের স্বাদ পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে ছুঁয়ে ফেলেছে ইউরোর রেকর্ড। আজ জিতলে তো কথাই নেই, ম্যাচটাকে টাইব্রেকারে নিয়ে যেতে পারলেও রেকর্ডটা নিজেদের করে নিতে পারবে বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেনের আগে টানা ১০ ম্যাচে হারেনি আরও তিনটি দল—ইতালি, জার্মানি ও হল্যান্ড। ইতালিয়ানরা ১৯৬৮, ১৯৮০ ও ১৯৮৮ এই তিনটি ইউরোতে ১০ ম্যাচে অপরাজিত ছিল। ইতালির মতোই তৎকালীন পশ্চিম জার্মানিও (১৯৭২-১৯৮৪) নিজেদের প্রথম ১০ ম্যাচে হারেনি। ডাচরা ১৯৮৮ সালে প্রথম ম্যাচে হারার পর ১৯৯৬ সালে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত অপরাজিত ছিল।