অপরাজিত অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার জয় আগের দিনই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। কাল আনুষ্ঠানিকতা শেষ হতে লাগল ২৯.১ ওভার। নিউজিল্যান্ডের শেষ পাঁচ উইকেটের ৩টি জনসন আর ২টি বলিঞ্জার তুলে নিলে ৩০২ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। হ্যামিল্টনে ১৭৬ রানের জয় চলতি গ্রীষ্মে অপরাজিতই রাখল অস্ট্রেলিয়াকে। আট টেস্টে এটি অস্ট্রেলিয়ার সপ্তম জয়।জিততে হলে শেষ দিনে নিউজিল্যান্ডকে শেষ ৫ উইকেটে করতে হতো ২৯৪ রান। এই অসম্ভবকে সম্ভব করার জন্য স্বাগতিকেরা তাকিয়ে ছিলেন আগের দিন অপরাজিত গাপটিল-ম্যাককালাম জুটির দিকে। আগের দিন ৩৩ রানের অবিছিন্ন জুটিটিকে তারা নিতে পেরেছেন ৮৭ রান পর্যন্ত। দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারেই ডগ বলিঞ্জার এই জুটি ছিন্ন করেন ম্যাককালামকে ফিরিয়ে দিয়ে। গালিতে হাসির তালুবন্দী হওয়ার আগে ৫১ রান করেন ম্যাককালাম। ব্যক্তিগত ৩০ ও ৪৩ রানে শর্ট লেগ ও শর্ট কভারে সাইমন ক্যাটিচ দুবার ক্যাচ মিস না করলে অবশ্য ফিফটি করতে পারতেন না। ম্যাককালামের পর জিতান প্যাটেলকেও বিদায় করে বলিঞ্জার নিউজিল্যান্ডকে পরিণত করেন ২৪৯/৭—এ। এখান থেকে বাকি কাজটা সারেন মিচেল জনসন। মার্টিন গাপটিল করেছেন ইনিংস-সর্বোচ্চ ৫৮ রান। ম্যাককালাম ও গাপটিলের পর ২৫ বলে ৪৫ রানের একটা ঝড় উপহার দিয়ে গেছেন টিম সাউদি। কিন্তু তাতে পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজ তো হয়নি!নিউজিল্যান্ডের শেষ তিন উইকেট নিয়ে জনসন তাঁর বোলিং বিশ্লেষণ দাঁড় করান ২০.১-৬-৭৩-৬। প্রথম ইনিংসের ৪টির সঙ্গে দ্বিতীয় ইনিংসের ৬টি মিলিয়ে ১০ উইকেট পাওয়া জনসনই ম্যাচের সেরা। টেস্টে এই নিয়ে দ্বিতীয়বার ১০ উইকেট পেলেন এই বাঁহাতি পেসার।উইকেট বোলারদের যে খুব সাহায্য করেছে তা নয়, তার পরও জনসন যেভাবে বোলিং করেছেন তাতে মুগ্ধ অধিনায়ক রিকি পন্টিং। তাঁর দুর্দান্ত গতির ও শর্ট পিচ বলগুলো খুবই সমস্যায় ফেলেছে কিউই ব্যাটসম্যানদের। পন্টিং তাই বলছেন, এই সফরেই সম্ভবত সেরা ও ধারাবাহিক ফর্মের জনসনকে দেখলেন তিনি। নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হলো। অস্ট্রেলীয় অধিনায়ক জানিয়ে রাখলেন অ্যাশেজের জন্য তারা প্রস্তুত। ওয়েবসাইট।