অপরাজিত চ্যাম্পিয়ন পোর্তো
শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল গত মাসেই। পরশু নিশ্চিত হলো দারুণ এক অর্জন। শেষ ম্যাচে মরিতিমোকে ২-০ গোলে হারিয়ে পর্তুগিজ প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পোর্তো। ৩৩ বছর পর পর্তুগিজ লিগে অপরাজিতভাবে শেষ করল কোনো দল। ১৯৭৮ সালে এই কীর্তি গড়েছিল বেনফিকা, যদিও সেবার শিরোপা জিততে পারেনি লিসবনের ক্লাবটি। তবে পোর্তোর আগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার একমাত্র কৃতিত্বটিও ছিল বেনফিকার। কিংবদন্তি ইউসেবিওর নৈপুণ্যে ১৯৭৩ সালে জিতেছিল বেনফিকা। এবার ৩০ ম্যাচের ২৭টিতেই জিতেছে পোর্তো, বাকি তিনটিতে ড্র। ২৫ বারের চ্যাম্পিয়নদের এখন লক্ষ্য ‘ট্রেবল’ জয়। আগামী বুধবার ইউরোপা ক্লাবের ফাইনালে খেলবে তারা, আগামী সপ্তাহে খেলবে পর্তুগিজ কাপের ফাইনালে। দুটি ফাইনালেই তাদের প্রতিপক্ষ স্বদেশি স্পোর্টিং ব্রাহা। ফ্রান্সে ৫৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে লিলে। প্যারিস সেন্ট-জার্মেইকে হারিয়ে জিতেছে ফ্রেঞ্চ কাপ। ৯০ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন পোলিশ ফুটবলার লুদোভিচ ওব্রানিয়াক। ফ্রেঞ্চ লিগেও শীর্ষে আছে লিলে। এএফপি।