অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কান ওপেনার থিরিমান্নের শতকে খুন হলো পাকিস্তানের এশিয়া কাপ জয়ের স্বপ্ন। ছবি: রয়টার্স
শ্রীলঙ্কান ওপেনার থিরিমান্নের শতকে খুন হলো পাকিস্তানের এশিয়া কাপ জয়ের স্বপ্ন। ছবি: রয়টার্স

পাকিস্তান কি তবে লাহিরু থিরিমান্নের প্রিয় প্রতিপক্ষ? ফতুল্লায় এশিয়া কাপের প্রথম ম্যাচে মিসবাহ-উল-হকের দলের বিপক্ষে করেছিলেন ১০২। আজ ফাইনালে সেই একই থিরিমান্নেকে দেখল পাকিস্তান। আজমল-গুল-আফ্রিদিদের কোনো পাত্তা না দিয়ে তুলে নিলেন তৃতীয় ওয়ানডে শতক। থিরিমান্নের শতকের সঙ্গে মাহেলা জয়াবর্ধনের অর্ধশতকে শ্রীলঙ্কা ২২ বল বাকি থাকতেই পৌঁছাল জয়ের বন্দরে। পাকিস্তানকে হারাল ৫ উইকেটে। এ শিরোপা জয়ে ভারতের পাশে ভাগ বসাল লঙ্কানরা। দুই দল সর্বোচ্চ পাঁচবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয়াবর্ধনের সেই ইনিংসটির কথা ভুলে যাওয়ার কথা নয় ক্রিকেটপ্রেমীদের। সে ম্যাচে তিনি করেছিলেন অপরাজিত ১০৩। ধোনির দলের কাছে অবশ্য সে সেঞ্চুরিটি ম্লান হয়েছিল সেবার। আজ আরেকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল। যদিও টুর্নামন্ট-মাঠ-প্রতিপক্ষ ভিন্ন, তবুও ফাইনাল তো। জয়াবর্ধনে সেই ধ্রুপদি খেলোয়াড়, যার মূল কাজ বড় মঞ্চেই জ্বলে ওঠা। এবারের এশিয়া কাপে যাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, সেই জয়াবর্ধনে ফাইনালে দলের বিপর্যয়ে ঠিকই জ্বলে উঠলেন। মোহাম্মদ তালহার শিকার হওয়ার আগে করলেন ৭৫। তবে জয়াবর্ধনেকে পার্শ্বচরিত্র বানিয়ে আজ আলোটা সম্পূর্ণ নিজের করে নিয়েছেন ওই থিরিমান্নেই। সঙ্গে ম্লান করেছেন ফাওয়াদ আলমের দারুণ সেঞ্চুরিটিকেও।  
পাকিস্তানের বিপক্ষে ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই এগোচ্ছিল শ্রীলঙ্কা। কুশল পেরেরা ও লাহিরু থিরিমান্নের উদ্বোধনী জুটি ১০ ওভারে তুলে ফেলে ৫৬ রান। এর পরই সাঈদ আজমলের আঘাত। ১১তম ওভারে পরপর দুই বলে ৫৬ রানে লঙ্কানরা হারায় ২ উইকেট। আজমলের বলে স্ট্যাম্পিংয়ের শিকার পেরারা করেন ৪২। টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আজ প্যাভিলিয়নে ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ মেরে। দলের এমনতর বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব দারুণভাবে পালন করেছেন জয়াবর্ধনে ও থিরিমান্নে। দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ১৫৬। কার্যত এ জুটির কাছেই খুন হয়েছে পাকিস্তানের তৃতীয়বারের মতো এশিয়া কাপ জয়ের স্বপ্ন। ১০১ করে থিরিমান্নে ফিরেছেন আজমলের বলে বোল্ড হয়ে। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের অপরাজিত ১৩ বলে ১৬ পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে মাত্র। তবে পাকিস্তানের পরাজয়ে ফিল্ডারদের পিচ্ছিল হাতও কিন্তু কম দায়ী নয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আজমল। ম্যাচসেরা ৫ উইকেটশিকারি লাসিথ মালিঙ্গা। সিরিজ-সেরা হয়েছেন থিরিমান্নে।
এশিয়া কাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলা শ্রীলঙ্কার সঙ্গে দুবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের লড়াইটা যতটা জমজমাট হবে ভাবা গিয়েছিল, ততটা হয়েছে কি? যদিও এশিয়া কাপের সাফল্য বিবেচনায় পাকিস্তান থেকে শ্রীলঙ্কা যথেষ্ট এগিয়েই ছিল। তবে একটা জায়গায় দুই দলই ছিল সমানে সমান। আজকের ম্যাচের আগ পর্যন্ত যেকোনো টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১২ বার। ছয়বার জিতেছে শ্রীলঙ্কা, ছয়বার পাকিস্তান। আজ জিতে পাকিস্তানের থেকে শ্রীলঙ্কা এগিয়ে গেল একধাপ।