অপরাজিত ৯৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু ১৫৪ ম্যাচের ক্যারিয়ারে মাত্র চতুর্থ সেঞ্চুরিটা পেলেন রামনরেশ সারওয়ান। পাঁচবার অবশ্য আটকা পড়েছেন নড়বড়ে নব্বইয়ে। ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পাওয়ার আগে একবার অপরাজিত ছিলেন ৯৯ রানে। ২০০২ সালে মোতেরায় ভারতের বিপক্ষে আশিস নেহরার করা শেষ বলে সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ৩, করতে পেরেছিলেন ২। ওয়ানডেতে ৯৯ রানে অপরাজিত থাকার ঘটনা আছে আরও সাতটি। সূচনা হয়েছিল ব্রুস এডগারের হাত ধরে। ১৯৮১ সালে ভারতের বিপক্ষে ৪৫ ওভারে ম্যাচে আদ্যন্ত ব্যাটিং করে ৯৯ রানে অপরাজিত থেকে যান এই কিউই ওপেনার। সারওয়ান ছাড়াও এই দুর্ভাগ্যের শিকার ডিন জোন্স, রিচি রিচার্ডসন, অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেল, ব্রাড হজ ও মোহাম্মদ ইউসুফ। এঁদের মধ্যে রিচার্ডসন, ক্যাম্পবেল ও হজ আবার একটু বেশিই দুর্ভাগা, দল জিতে গিয়েছিল বলেই যে তাদের সেঞ্চুরি হয়নি!