অপরাজিতই থাকল হল্যান্ড

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গিয়েছিল দুই দলেরই। হল্যান্ড-চিলির আজকের ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে জয়ী হয়েছে হল্যান্ড। চিলিকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে ডাচরা। দ্বিতীয়ার্ধে গোল দুইটি করেছেন লেয়র ফের ও মেম্ফিস ডিপাই।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দুই দলই দেখিয়েছিল দুর্দান্ত পারফরম্যান্স। হল্যান্ড ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল গতবারের শিরোপাজয়ী স্পেনকে। চিলিও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর ২-০ গোলে হারিয়েছিল স্পেনকে। হল্যান্ড-চিলির মুখোমুখি লড়াইটা তাই উপভোগ্য হবে বলেই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু কিছুটা হতাশই হতে হয়েছে ফুটবলপ্রেমীদের।
প্রথমার্ধে গোল তো দূরের কথা, সুযোগও খুব বেশি তৈরি করতে পারেনি দুই দল। ৩৯ মিনিটে আরিয়েন রোবেন পেয়েছিলেন একটি গোলের সুযোগ। মাঝমাঠ থেকে সেই দ্রুতগতির দৌড় দিয়ে ঢুকে পড়েছিলেন চিলির পেনাল্টি বক্সে। কিন্তু শেষপর্যন্ত তাঁর শটটা চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে।
দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পাল্টে দিয়েছেন বদলি হিসেবে নামা খেলোয়াড়েরা। ৭০ মিনিটে জারেমেইন লেন্সের বদলি হিসেবে নেমেছিলেন ডিপাই। পাঁচ মিনিট পরে ওয়েসলি স্নেইডারের জায়গা নেন লেয়ন ফের। ৭৭ মিনিটের মাথায় হল্যান্ডের প্রথম গোলটিও করেন ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার। এই গোলের ঠিক আগেই একটা দুর্দান্ত সেভ করেছিলেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ডাচদের দ্বিতীয় গোলটির প্রধান কারিগর ছিলেন রোবেন। তাঁর পাস থেকে বল পেয়েই সেটা জালে জড়িয়ে দেন ডিপাই।
হল্যান্ডের লেরয় ফারের গোলটি দেখুন থ্রিডিতে
রোবেনের পাসে ডিপাইয়ের গোল দেখুন থ্রিডিতে