রাজেশ চৌহানকে অনেকভাবেই মনে রাখতে পারেন। টেস্ট ইতিহাসে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিংয়ের রেকর্ড তাঁরই। তবে ভারতীয় সাবেক স্পিনার নিজে গর্ব করতে পারেন অন্য একটা রেকর্ড নিয়ে। টেস্ট ক্যারিয়ারে কখনোই না-হারা সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ২১ টেস্টের ক্যারিয়ারে ১২টি জিতেছিলেন, বাকি নয়টি ড্র। পুরো টেস্ট ক্যারিয়ারে কমপক্ষে ১০টি ম্যাচ খেলে পরাজয় কাকে বলে জানেন না এমন ক্রিকেটার আর আছেন মাত্র নয়জন। তালিকার পরের তিনজনই অস্ট্রেলিয়ান। কলিন ম্যাককুল (১৪ ম্যাচ) আর্নি টোসাক ও স্যাম লক্সটন (১২টি করে ম্যাচ)। ১১টি ম্যাচে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের টাইগার স্মিথ ও অস্ট্রেলিয়ার টেড ম্যাকডোনাল্ড। শেষ চারজনের ক্যারিয়ারই ১০ ম্যাচের। অস্ট্রেলিয়ার নিপ পেলিউ, ইংল্যান্ডের রেগি স্পুনার এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়েইন ড্যানিয়েল ও এলডিন ব্যাপ্টিস্ট। এর মধ্যে ব্যাপ্টিস্ট ১০ ম্যাচের সবগুলোতেই পেয়েছেন জয়ের স্বাদ।