অপরাজেয় পাকিস্তান ও মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট দুই অধিনায়কই। তবে অসন্তুষ্টিটা প্রকাশ করার সময়ও শহীদ আফ্রিদির মুখে হাসি। পরশু ব্যাটিংটা ভালো না হলেও জিতেছে তাঁর দল। দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে ৫ ম্যাচের সিরিজ, অক্ষত থাকছে ১৯৯১ সালের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ না হারার রেকর্ডটাও। আফ্রিদি তাই বলছেন, ‘ব্যাটিংয়ে কিছু সমস্যা এখনো আছে। কিন্তু সামগ্রিকভাবে এই সিরিজে ছেলেরা যেভাবে খেলেছে, আমি দারুণ খুশি।’ প্রথম দুই ম্যাচে জয়ের পার্শ্বনায়ক মিসবাহ-উল হক এবার মূল নায়ক। ঠান্ডা মাথায় দারুণ এক ইনিংস খেলে কঠিন পরিস্থিতিতে দলকে জিতিয়েছেন ৩৭ ছুঁই ছুঁই ব্যাটসম্যান। পাকিস্তানের মতো এই সিরিজে অপরাজেয় মিসবাহও, তিন ইনিংসে রান ৭৩*, ৪৩* ও ৬২*। বয়স বেশি বলে প্রায়ই তাঁকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। অথচ এ বছর ১৩ ইনিংসে তাঁর ৭ ফিফটি, গড় ৭৮.৬২!একসময়ের পেস-স্বর্গ ক্যারিবিয়ানে এখন যে দু-একটি মাঠের উইকেট পেসবান্ধব, ব্রিজটাউন তার মধ্যে একটি। পরশু বারবাডোজের আকাশও ছিল মেঘলা। তবে সুইং নয়, বৃষ্টিতে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা ধুঁকেছেন বাউন্সে। আগের দুই ম্যাচে এক দেবেন্দ্র বিশু ছাড়া উইকেট নিতে পারেননি আর কোনো ক্যারিবিয়ান বোলার। সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই আগুন ঝরালেন রবি রামপল। ইনিংসে দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম দুই বলেই তুলে নেন শেহজাদ ও শফিককে। পরের ওভারের প্রথম বলে হাফিজ, তিনটিই শর্ট বল। ১৭২ রান তাড়া করতে নামা পাকিস্তান তখন ৩ উইকেটে ১২! পাল্টা আক্রমণ করা উমর আকমলও (২৭ বলে ৩০) রামপলের শিকার। ক্যারিয়ারে প্রথম ব্যাট হাতে নামা হাম্মাদ আজমকে নিয়ে ৭৮ রানের জুটিতে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন মিসবাহ। হাম্মাদের উইকেটসহ দ্রুত ৩ উইকেট নিয়ে যথারীতি সর্বোচ্চ চেষ্টা করেছেন বিশু। কিন্তু মিসবাহর দেয়াল ভাঙতে পারেননি। শেষ দিকে দুটি ছয়ে জয় নিশ্চিত করেন ওয়াহাব রিয়াজ। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস সেই পুরোনো গল্পই—সম্ভাবনা জাগিয়েও সিমন্স ও ড্যারেন ব্রাভোর বড় ইনিংস খেলতে না পারা। বাকিদের শুধু আসা-যাওয়া। শেষ ৭ উইকেট হারিয়েছে তারা ৪০ রানে! ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৪৩.৪ ওভারে ১৭১ (সিমন্স ৫১, স্মিথ ০, ড্যারেন ব্রাভো ৪৭, স্যামুয়েলস ১৮, এডওয়ার্ডস ১৮, ডোয়াইন ব্রাভো ১১, স্যামি ৩, রাসেল ৩, রোচ ০, রামপল ৯*, বিশু ০; আজমল ৩/২৯, ওয়াহাব ৩/৩৯, হাফিজ ২/৩১, জুনাইদ ১/৩১)। পাকিস্তান: ৪০.১ ওভারে ১৭০/৭ (হাফিজ ৫, শেহজাদ ০, শফিক ০, মিসবাহ ৬২*, উমর আকমল ৩০, হাম্মাদ ৩৬, আফ্রিদি ১১, সালমান ৩, ওয়াহাব ১৭*; রামপল ৪/৩২, বিশু ৩/৪২)। ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী (সিরিজ ৩-০-তে এগিয়ে)। ম্যান অব দ্য ম্যাচ: মিসবাহ-উল হক।