অপরাজেয় রথ থামল সিটির
অনেকটা গত শনিবারের এল ক্লাসিকোর পুনর্মঞ্চায়নই দেখল সোমবারের স্টামফোর্ড ব্রিজ। রিয়াল মাদ্রিদের মতোই ম্যাচের শুরুতে গোল পেয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রথম কয়েক মিনিট একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেছিল চেলসির রক্ষণ। একটুর জন্য দ্বিতীয় গোলটির দেখা না পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বেশ কবার। সার্জিও আগুয়েরো দুটো সুযোগ নষ্ট করেছেন।কিন্তু শুরুর ছবিটার ঠিক উল্টো প্রান্তে শেষ হয়েছিল এল ক্লাসিকো নাটক। পরশু স্টামফোর্ড ব্রিজেও তা-ই। লিগে শুরু থেকে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার পর পরাজয়ের মুখ দেখল রবার্তো মানচিনির দল। চেলসিও ২-১-এ জিতে ফিরে পেল শিরোপার আশা। যদিও ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটিই, ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ, চেলসির পয়েন্ট ৩১।অথচ কী দুর্দান্তভাবেই না শুরু করেছিল ম্যান সিটি! কোচের নির্দেশ অমান্য করে, দলীয় ‘কারফিউ’ ভেঙে শনিবার মধ্যরাত পর্যন্ত নৈশ ক্লাবে কাটিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন মারিও বালোতেল্লি। ইতালির সেই ‘ব্যাড বয়’ই ১ মিনিট ৪০ সেকেন্ডে এনে দেন প্রথম গোল। অবশ্য এই গোলে আগুয়েরোর কৃতিত্বও কম নয়। তাঁর দুর্দান্ত থ্রু-ই খুঁজে নিয়েছিল জায়গামতো দাঁড়িয়ে থাকা বালোতেল্লিকে।এর পরও চলছিল সিটির দাপট। কিন্তু পাল্টা আক্রমণে সিটিরই সাবেক খেলোয়াড় ড্যানিয়েল স্টুরিজের ক্রস থেকে সমতা ফেরান রাউল মেইরেলেস। ঘড়িতে তখন ৩৪ মিনিট। দুই দলেরই আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যেতে থাকে ম্যাচ। শেষ পর্যন্ত ৭৩ মিনিটে বদলি হিসেবে নামা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন চেলসিকে। নিজেদের বক্সে লেসকটের হাতে বল লাগায় এই শাস্তি। ম্যাচ শেষ হতে তখন মাত্র ৭ মিনিট বাকি।শেষ পর্যন্ত ২-১-এ শেষ কনকনে শীতের রাতে দারুণ উত্তাপ ছড়ানো ম্যাচটি। উত্তেজনা কতটা হয়েছে বোঝা যাবে রেফারির কার্ডের যথেচ্ছ ব্যবহার থেকেও। সাতটি হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ডও দেখিয়েছেন মার্ক ক্লাটেনবার্গ।উত্তেজনা থাকল ম্যাচ শেষ করে সাজঘরে ফেরার সময়েও। টানেলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শোনা গেছে। অ্যাশলি কোলকে কেন্দ্র করে এই হাতাহাতির ঘটনা। এই ঘটনার জন্য কোলকেই দায়ী করেছেন রবার্তো মানচিনি। তা ছাড়া রেফারির সমালোচনাও করেছেন ঝাঁজালো ভাষায়।১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় চেলসির বক্সে হোসে বসিঙ্গওয়ার পায়ে পা লেগে পড়ে যান ডেভিড সিলভা। কিন্তু রেফারি পেনাল্টি দেননি, মানচিনির চোখে যেটা ছিল পরিষ্কার পেনাল্টি। পেনাল্টি না পেয়ে উল্টো পেনাল্টি-গোলেই হেরে যাওয়া, দলের এক খেলোয়াড়ের লাল কার্ড—মানচিনি তো চটবেনই!ওদিকে ইতালিয়ান লিগেও জুভেন্টাসের অপরাজেয় রথ একটুর জন্য থেমে গিয়েছিল প্রায়। পরশু বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল রোমা-জুভেন্টাস। লিগে এখন পর্যন্ত অপরাজেয় জুভদের হারানোর বড় সুযোগ হাতছাড়া করেছে রোমা। ১-১ ড্র থাকা অবস্থায় ৬৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল স্বাগতিক রোমা। ফ্রান্সেসকো টট্টির নেওয়া শট ঠেকিয়ে দিয়েছেন জিয়ানলুইজি বুফোন। এই ড্রয়েও অবশ্য শীর্ষস্থান ফিরে পেয়েছে জুভরা। এএফপি, রয়টার্স।