অপাঙেক্তয় হয়ে পড়ছেন ‘কলঙ্কিত নায়ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী বড়ই কঠিন এক জায়গা। কথাটার মর্ম এখন হাড়ে হাড়েই বুঝতে পারছেন অস্কার পিস্টোরিয়াস। দুই দিন আগে যারা ছিল শুভাকাঙ্ক্ষী, তারাই এখন মুখ ফিরিয়ে নিয়েছে। ক্রীড়াজগতে এখন প্রায় বন্ধুহীন, আপাতত পরিস্থিতির বদল ঘটবে সে রকম কোনো লক্ষণও নেই।সামনের জুলাইতে লন্ডন অলিম্পিকের এক বছর পূর্তি উপলক্ষে একটা দৌড় হবে। সেখানে পিস্টোরিয়াসকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে এখনো নীরব কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ভাগ্যে শিকে না ছেঁড়ারই সম্ভাবনা বেশি। অথচ গত বছরই কিন্তু দুটো ডায়মন্ড লিগে দৌড়েছিলেন পা-বিহীন এই দক্ষিণ আফ্রিকান দৌড়বিদ। আর এবার বোধ হয় আমন্ত্রণই পাচ্ছেন না। বান্ধবীকে খুনের দায়ে অভিযুক্ত এই অ্যাথলেট ক্রীড়াজগতে অনেকটাই অপাঙেক্তয় হয়ে পড়েছেন।অ্যাথলেটের আন্তর্জাতিক সংস্থা (আইএএএফ) এখনো অবশ্য পিস্টোরিয়াসের ব্যাপারে নিজেদের অবস্থান খোলাসা করেনি। তবে সংস্থাটির নীরবতা থেকেই বোঝা যায়, তারাও মুখ ফিরিয়ে নিয়েছে ‘ব্লেড রানারের’ কাছ থেকে। এমনটাও মনে করা হচ্ছে, কোনো সংগঠন যদি তাঁকে আমন্ত্রণও জানায়, তাহলে আইএএএফের রোষের মুখে পড়তে পারে তারা। পিস্টোরিয়াসের এজেন্ট পিটার ফন জিল অবশ্য দাবি করছেন, অনেক উদ্যোক্তাই নাকি পিস্টোরিয়াসকে সহমর্মিতা জানিয়ে মেইল করেছেন। তাঁর মক্কেলও নাকি শিগগিরই নামতে চান ট্র্যাকে। এমন পরিস্থিতি আসবে সেটা বোধ হয় কৃত্রিম পায়ের দৌড়বিদ নিজেও আশা করেননি। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পর বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। বলছেন, ব্যাপারটা স্রেফ একটা ‘দুর্ঘটনা’ ছিল। এখন জামিনে আছেন পিস্টোরিয়াস।আপাতত এ খবরটা খানিকটা স্বস্তি দিতে পারে এই অ্যাথলেটকে। গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছিলেন। তবে শর্ত ছিল দেশ ছেড়ে যেতে পারবেন না। এবার সেই শর্তটাও কিছুটা শিথিল করা হয়েছে। ইচ্ছা হলে দেশের বাইরেও যেতে পারবেন পিস্টোরিয়াস। সে ক্ষেত্রে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা অন্তত এক সপ্তাহ আগে জানাতে হবে কর্তৃপক্ষকে। আবার দেশে ফেরার ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে পাসপোর্ট। ওয়েবসাইট।