অপূর্ণতারও আছে ভালো দিক!
১৯৪৮ সালের আগস্টে এই ওভালই বঞ্চিত করেছিল স্যার ডন ব্র্যাডম্যানকে। নিজের শেষ ইনিংসে খেলতে নেমে মাত্র চারটি রান করতে পারেননি বলে ব্যাটিং-গড় ১০০ হতে পারেনি, আউট হয়েছিলেন শূন্য রানে। ২০১১ সালের আগস্ট সেই ওভালেই একালের ‘ব্র্যাডম্যান’কেও বঞ্চিত করল। ইংল্যান্ডে নিজের শেষ টেস্ট ইনিংসে সেঞ্চুরির কাছে গিয়েও তা পেলেন না শচীন টেন্ডুলকার।আর ৯টি রান হলেই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি হয়ে যেত। টেন্ডুলকারের সঙ্গে এই দুঃখ পুরো ভারতের। তবে একজন আনন্দিত—নাসের হুসেইন। কেন খুশি হচ্ছেন সেই ব্যাখ্যা দেওয়ার আগে সাবেক ইংলিশ অধিনায়ক অবশ্য এও বলছেন, ‘ওর বিপক্ষে যে খেলেছে, ওর সঙ্গে সামান্য কিছুও যে জানে, তিনিই টেন্ডুলকারকে সম্মান করবেন। আমার মনে হয়েছে, এটা ওর জন্য সার্থক একটা মঞ্চ ছিল, উপলক্ষটাও ছিল যথার্থ। পুরো গ্যালারি ছিল উপচে পড়া, অনেক বেশি ভারতীয় সমর্থকও ছিল। ওয়ানডে ম্যাচের চেয়ে এই ঐতিহাসিক সেঞ্চুরি টেস্টে এলেই সেটার মাহাত্ম্য হতো বেশি।’এত লম্বা ভূমিকা শেষে হুসেইন বলেছেন, তার পরও টেন্ডুলকারের সেঞ্চুরিটা না পাওয়া ভারতের জন্যই ভালো হয়েছে। কেন? ‘ঐতিহাসিক সেঞ্চুরিটা যদি হয়েই যেত, তাহলে পুরো ভারত হয়তো কয়েক দিন ধরে উ ৎ সব করত। এতে করে ভারতীয় ক্রিকেটে যে ফাটলটা দেখা দিয়েছিল, সেটা আড়ালে চলে যেত। আড়ালে চলে যেত গত মাসে রাহুল দ্রাবিড় যা অর্জন করেছে সেটাও। দ্রাবিড়ের ব্যতিক্রমী লড়াইটা বাদে ভারত যে বাজে খেলাটা খেলেছে, সেটা আড়ালে চলে যাওয়াটা মোটেও ঠিক হতো না। তারা যে একেবারেই তলানিতে গিয়ে পৌঁছেছে সেটা অন্যকিছুতে আড়াল হওয়া উচিত নয়’—বলেছেন হুসেইন।খেলা ও খেলার বাইরে থেকে দেখা ভারতের এই দলটাই সবচেয়ে খারাপ বলে মূল্যায়ন হুসেইনের। ওয়েবসাইট।