অপেক্ষা ঘুচল জুভেন্টাস, পিএসজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসান হলো সাত বছরের অপেক্ষার। সেই ২০০৬ সালে আর্সেনালের সঙ্গে হেরে বিদায় নিতে হয়েছিল চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে। এরপর ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে সিরি ‘আ’ থেকে অবনমন, শিরোপা খোয়ানো...একটা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় পার করে এসেছে জুভেন্টাস। এবার শুরু থেকেই যেমন খেলছিল, তাতে কোয়ার্টার ফাইনালে না ওঠাটাই হতো অঘটন। সেল্টিককে আগের লেগে ৩-০ গোলে হারিয়ে এক পা বাড়িয়েই রেখেছিল। ঘরের মাঠে ২-০ গোলের (দুই লেগ মিলে ৫-০) জয়ে আনুষ্ঠানিকতাটা সেরেই ফেলল। রাতটা স্মরণীয় ছিল পিএসজির জন্যও। ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলের গোলসমষ্টিতে হারিয়ে ১৮ বছর পর আবার শেষ আটে খেলছে ফ্রান্সের ক্লাবটি। অলৌকিক কিছুর আশায় ছিলেন সেল্টিক কোচ নিল লেনন। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গত পাঁচ ম্যাচে কোনো গোল খায়নি জুভেন্টাস। তাদের মাঠে গিয়ে অন্তত তিন গোলের ব্যবধানের জয় পেতে হলে রূপকথারই জন্ম দিতে হতো। সেল্টিক সেটা তো করতে পারেইনি, উল্টো আলেসান্দ্রো মাত্রি ও ফ্যাবিও কোয়ালারেল্লার গোলে হেরেই গেছে। সেল্টিক কোচ তাই জুভেন্টাসের আধিপত্য স্বীকার করে নিলেন কুণ্ঠাহীনভাবেই, ‘গুণগত মান বলে একটা জিনিস আছে। দুই দলের মধ্যে ব্যবধান আসলে এটাই।’ ১৯৮৮ সালে খেলোয়াড় হিসেবে জুভেন্টাসের হয়েই চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন এখনকার কোচ আন্তোনিও কন্তে। আভাস দিলেন এবার শিরোপাকেই করছেন অভীষ্ট লক্ষ্য, ‘সামনের চ্যালেঞ্জগুলো জেতার ব্যাপারে আমি আশাবাদী।’বরং গত পরশু যা একটু অনিশ্চয়তা ছিল সেটা পিএসজি-ভ্যালেন্সিয়া ম্যাচ নিয়েই। নিজেদের মাঠে ২-১ গোলে হারার পর ভ্যালেন্সিয়ার জেতার বিকল্প ছিল না। জোনাসের গোলে এগিয়ে গিয়ে আরেকটি দুর্দান্ত প্রত্যাবর্তনও যেন মঞ্চস্থ করে ফেলছিল। শেষমেশ এজেকুয়েল লাভেজ্জির গোলে ড্র করতে পেরেছে পেট্রোডলারের দাক্ষিণ্যে পরিপুষ্ট পিএসজি। এএফপি।