অপেক্ষা ঘুচল শ্রীলঙ্কার
বৃষ্টি তখন একটুও নেই। ঝিরঝিরে দু-এক কণা পড়ছে কি না, টিভি দেখে বোঝার উপায়ও ছিল না। তবে বৃষ্টির দরকারও আর ছিল না। মাঠ থেকে বেরিয়ে আসার পথে শ্রীলঙ্কা ক্রিকেট দল ভিজল সাফল্যের বৃষ্টিতে। ২৮ বছরের অপেক্ষার অবসান হলো শ্রীলঙ্কার। পূর্বসূরিদের গত তিন দশকের ব্যর্থতার বৃত্ত ভেঙে দিল কুমার সাঙ্গাকারার দল। প্রথমবারের মতো সিরিজ জিতল অস্ট্রেলিয়ায়। সেটিও এক ম্যাচ হাতে রেখেই।বৃষ্টিবিঘ্নিত দিন। কিন্তু কাল সিডনির দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টিকে দোষ দেওয়ার কোনো উপায় নেই অস্ট্রেলিয়ার। পুরো ম্যাচে শুধু রানবিহীন প্রথম দুটো ওভারেই শ্রীলঙ্কা যা একটু ঝামেলায় পড়েছিল। এর পর থেকে তাদেরই দাপট। সেই দাপটেই ঝরাপাতার মতো উড়ে গেল অস্ট্রেলিয়া। হেরে গেল ২৯ রানে। সব ধরনের ক্রিকেট মিলে এটি তাদের টানা সপ্তম পরাজয়।শুরুর ওই গতিজড়তা কাটিয়ে থারাঙ্গা-দিলশানের উদ্বোধনী জুটি দ্রুতই জ্বলে উঠেছে। ওপেনিং জুটিতেই ৯৮ রান। জয়াবর্ধনে ৫ রানে ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া বুঝি নিয়মিত অধিনায়ক পন্টিংকে ফিরে পেয়ে উজ্জীবিত। কিন্তু ওই পর্যন্তই। শ্রীলঙ্কাকে আর কেউ থামাতে পারেনি, প্রকৃতিও না।পুরো ৫০ ওভার ব্যাটিং তারা করতে পারেনি। কিন্তু থারাঙ্গার অপরাজিত ৮৬-এর সঙ্গে দিলশানের ৪৭ ও সাঙ্গাকারার ৪৫ রান ৪১.১ ওভার শেষে ২১৩ রান এনে দেয় তাদের হাতে। এরপর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রথমে অস্ট্রেলিয়ার লক্ষ্য নির্ধারিত হয় ৩৯ ওভারে ২৪৪। আবারও বৃষ্টি। এক ওভার আর চার রান কমিয়ে নতুন লক্ষ্য স্থির হয়। যার কোনোটাই অস্ট্রেলিয়ার পক্ষে যায়নি।উল্টো ৩২ রানের মধ্যে হাডিন ও পন্টিংকে হারিয়ে বিপদেই পড়ে যায় তারা। ওয়াটসন, হোয়াইট ও স্মিথের খণ্ড লড়াইটুকু বাদ দিলে পুরো ম্যাচে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বোলিং-শক্তি এনে দিয়েছে এই সফরে তাদের টানা তৃতীয় জয়। অর্থহীন করে তুলেছে আগামীকালকের শেষ ম্যাচটি। স্টার ক্রিকেট।