অপেক্ষা বাড়ছে মেসি-রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ গ্রহের সেরা দুই ফুটবলার জাদু দেখতে আরও অপেক্ষাই করতে হচ্ছে
এ গ্রহের সেরা দুই ফুটবলার জাদু দেখতে আরও অপেক্ষাই করতে হচ্ছে

বল পায়ে মানুষকে মুহূর্তের পর মুহূর্ত মোহাবিষ্ট করে রাখেন তাঁরা। পায়ের ছোঁয়ায় সবুজ ময়দানে আঁকেন একের পর এক নান্দনিক শিল্প। বহুদিন ধরেই গোল তাঁদের পোষা বিড়াল। তাঁদের মধ্যে কে সেরা—এ নিয়েও এন্তার বিতর্ক! ফলে তাঁদের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই দর্শকের মধ্যে সৃষ্টি করে শূন্যতা। গ্যালারিতে ভেসে বেড়ায় ‘কী নেই, কী যেন নেই’-এর অসীম হাহাকার! বুঝতেই পারছেন কাদের কথা হচ্ছে। একজন বার্সার নিউক্লিয়াস—লিওনেল মেসি, অন্যজন রিয়াল মাদ্রিদের পাওয়ার হাউস—ক্রিস্টিয়ানো রোনালদো। সাম্প্রতিক সময়ে দুজনই পড়েছেন ইনজুরি ফাঁড়ায়।

বুধবার বার্নাব্যুতে অনুষ্ঠিত গ্যালাতাসারাইয়ের বিপক্ষে মাঠে নামতে পারেননি রোনালদো। খেলা দেখতে হয়েছে ভিআইপি বক্সে বসে। পা দুটো বোধ হয় নিশপিশই করছিল ‘সিআর সেভেনে’র।  গোলের সংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ সামনের ম্যাচেও মিলছে না। শনিবার ভ্যালাদোলিদের বিপক্ষেও তাঁকে থাকতে হচ্ছে দর্শক হয়েই। চোট প্রায় সেরে গেছে। অনুশীলনেও ফিরেছিলেন। তবে এখনো কিছুটা অস্বস্তি থেকে গেছে। তাই ঝুঁকি নিতে চান না কার্লো আনচেলেত্তি।

রিয়াল কোচ বলেছেন, ‘না, আগামীকাল ক্রিস্টিয়ানো রোনালদো খেলবে না। কারণ, ও ভালো বোধ করছে না। সকালে স্ক্যান করিয়েছিলাম। পেশি ঠিক হলেও ঠিক স্বস্তি বোধ করছে না। এ কারণে বেশিক্ষণ অনুশীলনও করতে পারেনি। ফলে কোনো ঝুঁকি নিতে চাই না। এতে করে সে ১৫ দিন সময় পাবে। ফলে পরবর্তী লিগ ম্যাচ খেলতে ভালো প্রস্তুতি নিতে পারবে।’ রোনালদোর চেয়ে ইনজুরি বেশি ভোগাচ্ছে মেসিকে। চলতি মৌসুমে বেশ কয়েকবার ইনজুরির ফাঁড়াতে পড়তে হয়েছে চারবার ফিফা বর্ষসেরাকে। মেসি-ভক্তদের জন্য ইতিবাচক খবর—দ্রুতই সেরে উঠছেন মেসিও। সব ঠিকঠাক থাকলে জানুয়ারিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দেখা মিলতে পারে খুদে জাদুকরের।

প্রতিপক্ষের জালে বল জড়ানো যার নেশা, তিনি কি করে এতদিন থাকতে পারে মাঠের বাইরে? ফলে মাঠে ফেরার জোর তত্পরতা চলছে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে উঠতে এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রথম ধাপ। চিকিত্সার অংশ হিসেবে মেসি এখন আর্জেন্টিনায়। বার্সেলোনার নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘সর্বশেষ পরীক্ষায় দেখে গেছে, ওর ইতিবাচক উন্নতি হচ্ছে।’ 

তবে এই গ্রহের সেরা দুই ফুটবলার জাদু দেখতে আরও অপেক্ষাই করতে হচ্ছে।