অপেক্ষা বাড়ল আর্জেন্টিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই রাতে মাঠে নেমেছিলেন তাঁরা সবাই। সার্জিও আগুয়েরো, রাদামেল ফ্যালকাও, অ্যালেক্সিস সানচেজ আর এডিনসন কাভানি। ইউরোপের ক্লাব ফুটবল কাঁপানো স্ট্রাইকাররা গোল পেলেন দেশের হয়েও। কিন্তু পরশু দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বাকি সবার গোলে তাঁদের দল জিতলেও কপাল মন্দ শুধু আগুয়েরোর।গোল করেও আর্জেন্টিনাকে ইকুয়েডরের বিপক্ষে জেতাতে পারলেন না আগুয়েরো, ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। অনেক সংশয় কাটিয়ে আধা ঘণ্টার জন্য মাঠে নেমেছিলেন লিওনেল মেসিও। কিন্তু চোটের কারণেই কিনা নিজেকে মেলে ধরতে পারলেন না আর্জেন্টাইন অধিনায়ক। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিলের টিকিট পাওয়ার অপেক্ষাটা তাই আরেকটু বাড়ল আর্জেন্টিনার।মেসি-আগুয়েরোরা যেটা পারেননি, সেটাই করে দেখিয়েছেন উরুগুয়ের কাভানি। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল উরুগুয়ের। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগেই তাই অধিনায়ক ডিয়াগো লুগানো জানিয়ে দিয়েছিলেন, এখন থেকে প্রতিটি ম্যাচই তাঁদের জন্য ফাইনাল। পোলিদেপোর্তিভো স্টেডিয়ামে কাভানির ২৮ মিনিটের গোলে ‘প্রথম ফাইনাল’ জেতার পর কোচ অস্কার তাবারেজ আশাবাদী বাকি চার ম্যাচ নিয়েও, ‘আমরা জানতাম, আজ রাতে হেরে গেলেই আমাদের সব শেষ হয়ে যেতে পারে। জেতার পরও স্বস্তিতে আছি, বলব না। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।’ ১২ ম্যাচে ১৬ পয়েন্ট হলো উরুগুয়ের, ভেনেজুয়েলার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আপাতত পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। বাকি চার ম্যাচে জিতলে অবস্থানের আরও উন্নতি হবে। অবশ্য পঞ্চম স্থানটিও ধরে রাখতে পারলে প্লে-অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে উরুগুয়ের।ইকুয়েডরকে হারাতে পারলে স্বাগতিক ব্রাজিলের পর দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা পেয়ে যেত পরশুই। কিন্তু গঞ্জালো হিগুয়েইনের নিষেধাজ্ঞা, মেসির চোট আর ইকুয়েডরের উচ্চতা সমীকরণটিকে এদিনই মেলাতে দেয়নি আলবিসেলেস্তিদের। চার মিনিটে আগুয়েরোর পেনাল্টি গোলে দুর্দান্ত সূচনা হয়েছিল আর্জেন্টিনার, কিন্তু ১৭ মিনিটেই গোলটা ফিরিয়ে দেন ইকুয়েডরের মিডফিল্ডার কাসতিল্লো। ম্যাচের বাকি সময়ে আর গোল দেখেনি কোনো দল। তবে শেষ দিকে কিছুটা উত্তেজনা ঠিকই দেখেছে ম্যাচটি। চোট পাওয়া হাভিয়ের মাচেরানো তাঁকে নিতে আসা স্ট্রেচার বহনকারী গাড়ির একজনকে লাথি মেরে লাল কার্ড পেয়েছেন। আগের ম্যাচে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া হিগুয়েইনের সঙ্গে এখন এই ডিফেন্ডারকেও প্যারাগুয়ের বিপক্ষে পরের ম্যাচে পাবে না আর্জেন্টিনা।এসব কিছুর পরও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ৮০০ মিটার উচ্চতায় অলিম্পিকো আতাহুয়ালপা স্টেডিয়ামে ড্রটাকেও খারাপ ফল বলে মনে করছেন না কোচ আলেসান্দ্রো সাবেলা, ‘আমরা জানতাম, এই ম্যাচই আমাদের জন্য সবচেয়ে কঠিন হবে। চোট-নিষেধাজ্ঞা মিলিয়ে অনেক কিছুই আমাদের বিপক্ষে ছিল। তার পরও দলটা যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট।’ আর্জেন্টাইন কোচের মতো অবশ্য অতটা সন্তুষ্ট নন মেসি। তবে এমন উচ্চতায় খেলাটা কঠিন বলে মানছেন আর্জেন্টাইন তারকাও, ‘আমরা প্রথম গোলটা খুব দ্রুতই করেছি। কিন্তু এখানে খেলাটা আসলে খুব কঠিন। তারা ঠিকই সমতা ফিরিয়েছে।’ইকুয়েডরের সঙ্গে ড্র করলেও পয়েন্ট তালিকায় আর্জেন্টিনাই শীর্ষে। তবে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সঙ্গে ব্যবধান কমেছে। রাদামেল ফ্যালকাও আর তিওফিলো গুতিয়েরেজের গোলে পরশু পেরুকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। সানচেজ, ভিদাল, ভার্গাসের গোলে ঘরের মাঠে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে চিলি। এএফপি, রয়টার্স।একনজরে ইকুয়েডর ১ : ১ আর্জেন্টিনা কলম্বিয়া ২ : ০ পেরু ভেনেজুয়েলা ০ : ১ উরুগুয়ে চিলি ৩ : ১ বলিভিয়াপয়েন্ট তালিকা ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্টআর্জেন্টিনা ১৩ ৭ ৫ ১ ২৫/৯ ২৬কলম্বিয়া ১২ ৭ ২ ৩ ২১/৭ ২৩ইকুয়েডর ১২ ৬ ৩ ৩ ১৭/১২ ২১চিলি ১৩ ৭ ০ ৬ ২১/২১ ২১উরুগুয়ে ১২ ৪ ৪ ৪ ১৮/২১ ১৬ভেনেজুয়েলা ১৩ ৪ ৪ ৫ ১০/১৪ ১৬পেরু ১২ ৪ ২ ৬ ১২/১৭ ১৪বলিভিয়া ১৩ ২ ৪ ৭ ১৫/২৪ ১০প্যারাগুয়ে ১২ ২ ২ ৮ ৯/২৩ ৮