অপেক্ষা বাড়ল নাসির-ইলিয়াসের
মনটাই খারাপ হয়ে গেল নাসির হোসেনের। অভিষেক টেস্টের দুই দিন পার হয়ে গেল, অথচ এখনো টেস্ট খেলতে নামা হলো না!এমন নয় যে, টেস্ট দলে নবাগত দুই ক্রিকেটার নাসির ও ইলিয়াস সানি মাঠে নামার জন্য অস্থির হয়ে আছেন আর ড্রেসিংরুমে বসে বসে সতীর্থ ব্যাটসম্যানদের অমঙ্গল কামনা করছেন। তবে বৃষ্টিভেজা মাঠ দ্বিতীয় দিনের খেলা বাতিল করে দেওয়ায় অপেক্ষা তো বাড়লই। কাল বিকেলে বিষণ্ন শোনাল তাই নাসিরের কণ্ঠ, ‘আমার তো ভাই মনটাই খারাপ হয়ে গেছে...। আমার এটা প্রথম টেস্ট, অথচ পুরো একটা দিন খেলাই হলো না!’পরশু দিন শেষে অবিচ্ছিন্ন মুশফিক-নাঈম জুটি ভাঙলে উইকেটে আবার আসবেন কপালে ব্যথা পাওয়া শাহরিয়ার নাফীস। নাসিরের পালা আসার কথা এরপরই। প্রথমবারের মতো টেস্ট দলের ড্রেসিংরুমে থাকার রোমাঞ্চের সঙ্গে প্রথমবার ব্যাট করতে যাওয়ার আগাম শিহরণটাও উপলব্ধি করতে শুরু করেছেন তরুণ এই অলরাউন্ডার, ‘খুবই ভালো লাগছে, আমি এখন বাংলাদেশের টেস্ট দলের সঙ্গে আছি। এখন শুধু খেলার অপেক্ষা।’ড্রেসিংরুমে থেকে থেকে সতীর্থদের কাছ থেকে টেস্ট-দর্শনটাও আত্মস্থ করছেন নাসির-ইলিয়াস। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা থাকায় দীর্ঘ পরিসরের খেলা তাদের কারও কাছেই হয়তো নতুন নয়। কিন্তু যখনই খেলাটা আন্তর্জাতিক কলেবরে এবং তার নাম টেস্ট ক্রিকেট—রোমাঞ্চ-চাপ আসতেই পারে। ইলিয়াস সানি অবশ্য বলছেন না, এটা একটা চাপ, ‘দেখেন, আমি ক্রিকেটার, আমাকে খেলতেই হবে। নার্ভাস হলে তো ভালো খেলতে পারব না। যখন সময় আসবে খেলব।’ তবে টেস্ট দলের অংশ হতে পারাটাকে রোমাঞ্চকর মানছেন। বৃষ্টিতে দিনের খেলা বাতিল হওয়ার পর টিম বাসে ওঠার আগে বলে গেলেন, ‘এটা অন্য রকম একটা ব্যাপার, ভালো তো লাগবেই। তবে বৃষ্টির কারণে মাঠে নামার অপেক্ষাটা বেড়ে গেল।’শুধু মাঠে নামার অপেক্ষা নয়, কাল খেলা না হওয়ায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ পরাটাও পিছিয়ে গেল নাসির-ইলিয়াসের। কথা ছিল কাল কোনো এক ফাঁকে এই আনুষ্ঠানিকতা সারা হবে। এখন সেটা হওয়ার কথা আজ।