অপেক্ষা বাড়ল ভেট্টোরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজায় কড়া নাড়ছে আরও একটি সিরিজ। তার আগে আরও একবার নিউজিল্যান্ড শিবিরে বড় হয়ে উঠছে ড্যানিয়েল ভেট্টোরিকে দলে না পাওয়ার হতাশা। নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না বলে ভেট্টোরির হতাশা নিশ্চয়ই সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক নিজেই বলেছেন, এই মুহূর্তে তাঁর শরীর আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নেওয়ার মতো যথেষ্ট ফিট নয়। চোটগ্রস্ত অ্যাঙ্কেলটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। এএফপি।
৩৪ ছুঁইছুঁই ভেট্টোরি সর্বশেষ টেস্ট খেলেছেন প্রায় ১৮ মাস আগে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট বলতে এ বছরই জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি ওয়ানডে। ২০১১ বিশ্বকাপের পর ওয়ানডেতে ফিরেছিলেন ওই টুর্নামেন্টেই। ইংল্যান্ড থেকে ফিরেই বারবার ফিরে আসা অ্যাকিলিস টেন্ডনের সমস্যা কাটাতে অস্ত্রোপচার করান।
পুনর্বাসন-প্রক্রিয়া শেষে এ মাসেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। তাতে নিজের শরীরের অবস্থা বুঝে ভেট্টোরি বলছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটে শরীরের ওপর খুব চাপ যায়। সেটি সামলাতে পারার আত্মবিশ্বাস পাওয়ার মতো যথেষ্ট আমি খেলিনি। বেশি তাড়াতাড়ি ফিরে আবার চোটে পড়ার ঝুঁকি আমি নিতে পারি না।’
নতুন বছরে নিজের অবস্থা আরও পরিষ্কার বুঝতে পারবেন বলে আশা করছেন ভেট্টোরি। তত দিনে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শেষ হয়ে যাবে। নববর্ষের দিন হয়ে যাবে পাঁচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচও। টেস্ট সিরিজ শুরু আগামী ৩ ডিসেম্বর, যেটিতে দর্শক হয়ে থাকাটা ভেট্টোরিকে একটু বাড়তি যন্ত্রণাই উপহার দেবে। ঘোষিত লক্ষ্য পূরণে অপেক্ষা যে শুধুই বাড়ছে। কী সেই লক্ষ্য? টেস্টে চার হাজার রান ও ৪০০ উইকেটের ‘ডাবল’, যেটি আছে শুধুই ভারতের কপিল দেবের। চার হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন অনেক আগেই। ৪,৫১৬ রানের সঙ্গে উইকেট ৩৬০টি। নিউজিল্যান্ডের পক্ষে তাঁর চেয়ে বেশি উইকেট শুধুই স্যার রিচার্ড হ্যাডলির (৪৩১)।