অপেক্ষা বাড়িয়ে দিল গাজী-মোহামেডান
ফতুল্লায় গাজী ট্যাংককে হারাতে পারলে এক ম্যাচ আগেই শিরোপা জিতে যেত ওল্ড ডিওএইচএস। কিন্তু উল্টো তারা হেরে বসল ২০ রানে। বগুড়ায় ‘মর্যাদার ম্যাচে’ মোহামেডানকে হারিয়ে ওল্ড ডিওএইচএসকে ধরে ফেলতে পারত ভিক্টোরিয়া। কিন্তু উল্টো হেরে গেল ৬৬ রানের বড় ব্যবধানে। বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে আবাহনীর বিপক্ষে ১২৭ রানের বিশাল জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।ওল্ড ডিওএইচএস-গাজী ট্যাংক৩৪ রানের মধ্যে দুই ওপেনারকেই হারানো গাজী ট্যাংককে লড়াইয়ের রসদ (২৫৯/৯) এনে দিয়েছিল তৃতীয় উইকেটে অলক কাপালি ও নাসির হোসেনের ১৫২ রানের জুটি। অলক ৭৬ রানের ইনিংসে ফয়সাল, তানভীর আর মারউইকে মেরেছেন তিন ছক্কা। আর নাসির তো করলেন লিগে নিজের প্রথম সেঞ্চুরিই। ১০৮ বলে ১০১ রানের ইনিংসে সাত বাউন্ডারি। সেঞ্চুরির পরের বলেই জিয়াকে লং অনের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন মারউইর। ম্যাচ শেষে তবু তৃপ্ত নাসির, ‘এবার লক্ষ্য ছিল অন্তত ছয় শ রান করব। সেই লক্ষ্য পূরণ হওয়াতে ভালো লাগছে।’তবে নিজের সেঞ্চুরিকে নয়, ওল্ড ডিওএইচএস ওপেনার জিয়ার আউটটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয়েছে নাসিরের। জিয়া যতক্ষণ উইকেটে ছিলেন, মনে হচ্ছিল ম্যাচ ওল্ড ডিওএইচএসেরই হাতে। দলীয় ৩১ রানে সঙ্গী ওপেনার নুরুল হাসান আউট হওয়ার পর ভারতীয় ব্যাটসম্যান উদয় কৌলের সঙ্গে ১০৫ রানের জুটি গড়েছেন জিয়া। তবে তাঁর আউটটা দুর্ভাগ্যজনকই। উদয়ের একটা স্ট্রেট ড্রাইভে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জিয়া। বোলার আসিফের হাতে লেগে স্টাম্প ভেঙে গেলে রান আউট হয়ে যান তিনি।৯২ বলে ৭৯ রানে চার বাউন্ডারির সঙ্গে সাত ছক্কা, যার চারটাই জিয়া মেরেছেন পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়ার বলে। জিয়া আউট হয়ে যাওয়ায় কানেরিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচেন। শুভাগত, উদয় ও মারউইকে ফিরিয়ে বড় ভূমিকা রাখেন দলের জয়েও। অধিনায়ক ফয়সাল এক প্রান্তে চেষ্টা করে গেলেও অন্য প্রান্তে দাঁড়াতে পারেননি কেউ। পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হতে হতে শেষ পর্যন্ত ওল্ড ডিওএইচএস ম্যাচটা হেরেই যায়।মোহামেডান-ভিক্টোরিয়ামোহাম্মদ ইউসুফের নিবন্ধন ‘জাল’ দাবি করে ভিক্টোরিয়ার পথ আটকে দিয়েছিল মোহামেডান। দুই ক্লাবের মধ্যে রেষারেষিটা অবশ্য তারও আগে থেকে, যখন অন্তঃকলহের জেরে মোহামেডানের ক্রিকেটকর্তারা যোগ দিলেন ভিক্টোরিয়ায়। এই দলের ম্যাচ মানেই তাই বাড়তি উত্তেজনা। মর্যাদার সেই ম্যাচে দুবারই হেরে গেল ভিক্টোরিয়া। তারকাখচিত ভিক্টোরিয়া কাল হেরেছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। লক্ষ্য ছিল মাত্র ২১৪, কিন্তু সাড়ে আট ওভার বাকি থাকতে ভিক্টোরিয়া ১৪৭ রানে অলআউট! ভিক্টোরিয়ার কর্মকর্তাদের পর্যবেক্ষণে হারের নেপথ্য কারণ—ম্যাচটাকে নাকি খুবই হালকাভাবে নিয়েছিলেন খেলোয়াড়েরা!ইনিংসের চতুর্থ বলেই ওপেনার তামিম ইকবাল সৈয়দ রাসেলের বলে বোল্ড। পরের ওভারের প্রথম বলে শ্রীলঙ্কান চাতুরা পেরিসের বলে এলবিডব্লু আরেক ওপেনার সৈকত আলী। স্কোরবোর্ডে কোনো রান না উঠতেই ২ উইকেটের পতন চাপে ফেলে দেয় শিরোপাপ্রত্যাশীদের। সেই চাপ থেকে দলকে টেনে তুলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। দুই চার ও এক ছক্কায় ৮ বলে ১৬ রান করে বোল্ড হয়ে গেছেন নাঈমের বলে।শেখ জামাল-আবাহনীআগের ম্যাচে করেছিলেন অপরাজিত ৯২, কাল আবুল হাসানের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৯০। চার সেঞ্চুরিসহ মুশফিকুর রহিমের রান এবারের লিগে সর্বোচ্চ ৮৫৮। ৩৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর কাল মাহমুদুল হাসানকে (৭০) সঙ্গে নিয়ে অধিনায়ক একাই টেনে নিয়েছেন দলকে। দলের ২৫১ রানের মধ্যে মাহমুদুলের সঙ্গে তাঁর চতুর্থ উইকেটজুটিতেই ১৫৫। ৯৪ বলের ইনিংসে মুশফিকের বাউন্ডারি ৬টি, ছক্কা ২টি।শেখ জামালের ২৫১-ই দিন শেষে পাহাড়সম প্রমাণিত আবাহনীর জন্য। ৩৬ রানে ৪ উইকেট পড়ার পর ফরহাদ হোসেন আর ফরহাদ রেজার ৩৩ রানের জুটিটা না হলে হয়তো এক শ করাই কষ্টসাধ্য হতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা করেছিলেন শেখ জামালের পেসার তাপস। পরের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে আবাহনীকে আর মাথা তুলতে দেননি আরেক পেসার রুবাইয়াত।সং ক্ষি প্ত স্কো রমোহামেডান: ৫০ ওভারে ২১৩/৮ (নূর হোসেন ৪৯*, ইমরুল ৪৫, চাথুরা ২৯, নাঈম ২৮, রাসেল ২২, হাবিবুর ১৭; সাকিব ৩/৪৮, শরীফ ২/৩৪, আল আমিন ১/৪১)। ভিক্টোরিয়া: ৪১.৩ ওভারে ১৪৭ (শরীফ ৪০, সৌম্য ৩২, মোশাররফ ১৮, জহুরুল ১৬, সাকিব ১৬; চাতুরা ৪/৩৩, অমিত ২/২১, সৈয়দ রাসেল ২/২৬, নূর হোসেন ১/১২, নাঈম ১/৩৫)। ফল: মোহামেডান ৬৬ রানে জয়ী।শেখ জামাল: ৪৯.৩ ওভারে ২৫১ (মুশফিকুর ৯০, মাহমুদুল ৭০, শামসুর ২০, সোহরাওয়ার্দী ১৯, মাইশুকুর ১৪, তাপস ১১; আবুল ৪/৪৬, ফরহাদ রেজা ৩/৩৮, ফরহাদ হোসেন ১/২৯, ইলিয়াস সানি ১/৫৮)। আবাহনী: ৩৭.৪ ওভারে ১২৪ (ফরহাদ হোসেন ২৬, ফরহাদ রেজা ২০, মাহেলা ১৭, সাকলাইন ১৫; রুবাইয়াত ৩/২২, তাপস ২/১১, মাহমুদুল ২/২৩, আবদুর রহমান ১/১১, শামসুর ১/১৪, সোহরাওয়ার্দী ১/২১)। ফল: শেখ জামাল ১২৭ রানে জয়ী।গাজী ট্যাংক: ৫০ ওভারে ২৫৯/৬ (নাসির ১০১, অলক ৭৬, নাজমুল ৩৭*, ইয়াসির ২০, আসিফ ১২*; নাবিল ২/৩৬, শুভাগত ১/২০, এনামুল জুনিয়র ১/৩৩, মারউই ১/৫৩, ফয়সাল ১/৬০)। ওল্ড ডিওএইচএস: ৫০ ওভারে ২৩৯/৮ (জিয়াউর ৭৯, উদয় ৫১, ফয়সাল ৩৬*, তানভীর ১৮, নুরুল ১৪, মারউই ১৪, আদনান ১১; কানেরিয়া ৩/৫৩, আলাউদ্দিন ১/১৪, বিশ্বনাথ ১/২৪, নাসির ১/৪৯)। ফল: গাজী ট্যাংক ২০ রানে জয়ী।