এ সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচ। জার্মানি ও ইতালির দুই পরাশক্তি বায়ার্ন মিউনিখ-জুভেন্টাসের দৃষ্টি এখন ওদিকেই। এর আগে গত পরশু দুই দলই নিজেদের প্রস্তুতিটা বাজিয়ে দেখল দারুণভাবে। বুন্দেসলিগায় বায়ার্ন তো হামবুর্গকে নিয়ে ছেলেখেলাই করেছে, পেয়েছে ৯-২ গোলের বিশাল জয়। জুভেন্টাসও ‘ইতালিয়ান ডার্বি’তে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করে রেখেছে। অ্যালিয়াঞ্জ অ্যারেনার ৭১ হাজার দর্শকের গাঁটের পয়সা এর চেয়ে ভালোভাবে উশুল হতে পারত না। এ নিয়ে মৌসুমে টানা ১০ ম্যাচ জিতল বায়ার্ন। বুন্দেসলিগা জয়ের উৎসবটাও পরশুই করে ফেলতে পারত। রবার্ট লেফানদোফস্কির গোলে ডর্টমুন্ড জয় পাওয়ায় সেটা কিছুটা বিলম্বিত হয়েছে। তবে সামনের ম্যাচেই হয়তো সেটি হয়ে যাবে। দুই মৌসুম পর শিরোপা হাতে তুলতে বায়ার্নের বাকি সাত ম্যাচ থেকে লাগবে মাত্র ১ পয়েন্ট।এ ম্যাচে রিবেরি, মুলারদের বিশ্রাম দিয়েছিলেন বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস। পিজারো, রোবেন, শাকিরিরা সুযোগটা কাজে লাগালেন দুর্দান্তভাবে। ক্লদিও পিজারোই মেরেছেন বড় দাওটা—মান্দজুকিচ, গোমেজের জায়গায় সুযোগ পেয়ে করেছেন ৪ গোল। বুন্দেসলিগার বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল এখন ৩৪ বছর বয়সী এই পেরুভিয়ান স্ট্রাইকারের।হেইঙ্কেস যেমন বলেছেন, ‘আজ বায়ার্ন বইতে যেমন লেখা থাকে, কখনো কখনো তেমনই খেলেছে’—কথাটা মিথ্যা নয়। নিজেদের ইচ্ছানুযায়ী খেলতে পেরেছে বায়ার্ন, হামবুর্গের গোলরক্ষক বল কুড়াতে কুড়াতেই ক্লান্ত হয়ে পড়েছেন। ১৯৮৩ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হামবুর্গের গত ৫০ বছরে সবচেয়ে বড় পরাজয়ও এটা। তবে এত বড় জয়ের পরও চ্যাম্পিয়নস লিগের জুভেন্টাসকে নিয়ে স্বস্তিবোধ করছেন না হেইঙ্কেস, ‘আমাদের আত্মবিশ্বাস বাড়াতে এটা দরকার ছিল। কিন্তু মঙ্গলবারের খেলাটা আলাদা হতে যাচ্ছে। জুভেন্টাস একটি শীর্ষ ইউরোপিয়ান দল ও অনেক বেশি আক্রমণাত্মক।’ জুভেন্টাসও দেখিয়েছে, তাদের বধ করাটা কঠিনই হবে। বায়ার্নের মতো লিগটা জুভেন্টাসের হাতের মুঠোয় হয়তো আসেনি, তবে আট ম্যাচ বাকি থাকতে ৯ পয়েন্ট এগিয়ে গেছে। ইন্টারকে হারানোর পর জুভেন্টাসের স্ট্রাইকার আলেসান্দ্রো মাত্রিও টেনে এনেছেন বায়ার্নকে, ‘শুরু থেকেই আমরা ছন্দে ছিলাম। জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বায়ার্নকে নিয়ে ভাবতে পারি।’ এএফপি, রয়টার্স।ইতালিয়ান লিগে কিন্তু প্রতিনিয়তই নিজের আলো ছড়িয়ে যাচ্ছেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। আন্তর্জাতিক ম্যাচ খেলে বিলম্বে ফেরার কারণে কোচ বসিয়ে রেখেছিলেন বেঞ্চে। তবে মাঠে নেমেই শেষ ছয় মিনিটে করেছেন ২ গোল। আট গোলের রোমাঞ্চকর ম্যাচটাতে তুরিনোকে নাপোলি হারিয়েছে ৫-৩ গোলে। হ্যাটট্রিক করেছেন নাপোলির সুইস মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি।এসি মিলানের জয়রথও চলছে। এদিন শিয়েভোর বিপক্ষে ১-০ গোলে জয়টাও বালোতেল্লির মহিমায় ভাস্বর। তাঁর দুর্দান্ত ফ্রি-কিক শিয়েভো গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে গোল করেন রিকার্দো মন্তোলিভো। এক নজরে বায়ার্ন ৯: ২ হামবুর্গ ইন্টার মিলান ১: ২ জুভেন্টাস শিয়েভো ০: ১ এসি মিলান তুরিনো ৩: ৫ নাপোলি