অপেক্ষা হোয়াইটওয়াশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিনের ব্যবধানেই ভোজবাজির মতো পাল্টে গেল দৃশ্যপট। টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা পাকিস্তানই ওয়ানডেতে এসে উল্টো হোয়াইটওয়াশের মুখে। কাল তৃতীয় ওয়ানডেতেও জিতে চার ম্যাচের সিরিজটি এক ম্যাচ বাকি থাকতেই পকেটে পুরে ফেলল ইংল্যান্ড। আগামী পরশু চতুর্থ ম্যাচে জিতলেই ইংলিশরা হাসবে হোয়াইটওয়াশের বদলা নেওয়ার হাসি।ব্যাটিং-ব্যর্থতার প্রদর্শনী অব্যাহত রেখে পাকিস্তান যেন ইংলিশদের সিরিজ নির্ধারণী জয় তুলে দেয় নিজেদের ইনিংসের পরই! ইংল্যান্ডের তিন পেসার অ্যান্ডারসন-ব্রড-ফিনের তোপের মুখে ২২২ রানে অলআউট পাকিস্তান। ২২৩ রানের লক্ষ্য ইংল্যান্ড ছুঁয়েছে ১ উইকেট হারিয়েই, ১২.৪ ওভার বাকি থাকতেই।অধিনায়ক অ্যালিস্টার কুক-কেভিন পিটারসেন উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ১৭০। পাকিস্তান-ইংল্যান্ড দ্বৈরথে এটাই সর্বোচ্চ ওপেনিং জুটি। ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা তৃতীয় সেঞ্চুরির হাতছানিই দিচ্ছিল কুককে। ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ককে ওই কীর্তি থেকে বঞ্চিত করেছেন সাঈদ আজমল। তবে পিটারসেন পেয়েছেন ওয়ানডেতে সোয়া তিন বছর পর সেঞ্চুরি। তিনি সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০০৮ সালের নভেম্বরে, ভারতের বিপক্ষে অপরাজিত ১১১। মরগানকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করে ফেরার পথে পিটারসেন কালও অপরাজিত ওই ১১১ রানে।টানা তৃতীয় ম্যাচে ৪ উইকেট না পেলেও ফিনের বোলিং বিশ্লেষণ কালও উজ্জ্বল, ১০-১-২৪-৩। ৫০ রানেই ৪ উইকেট হারানোর পর পাকিস্তান ২০০ পেরোয় ওমর আকমল ও শহীদ আফ্রিদির দুটি হাফ সেঞ্চুরি। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৫০ ওভারে ২২২ (হাফিজ ২৯, ফরহাত ৯, আজহার ৫, শফিক ১৮, মিসবাহ ১, উমর ৫০, আফ্রিদি ৫১, আদনান ৯, গুল ২৭*, আজমল ৪, চিমা ৫; ফিন ৩/২৪, ব্রড ৩/৪২, অ্যান্ডারসন ২/৫২)। ইংল্যান্ড: ৩৭.২ ওভারে ২২৬/১ (কুক ৮০, পিটারসেন ১১১*, মরগান ২৪, আজমল ১/৪০)। ফল: ইংল্যান্ড ৯ উইকেট জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কেভিন পিটারসেন।