অপেক্ষার পুরস্কার সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ক্রিস রজার্স  এএফপি
সেঞ্চুরির পর ক্রিস রজার্স এএফপি

উদ্যাপনটা যেমন বাঁধভাঙা হওয়ার কথা ছিল, তেমন হলো না। সেঞ্চুরি করার পর ব্যাট তোলার নিয়ম। ক্রিস রজার্স তা তুললেনও। ওটুকুই! অথচ এমন এক সেঞ্চুরি, যেটি করার পর আনন্দে লাফালাফি করাটাই ছিল স্বাভাবিক। ৯৬ রানে আটকে ছিলেন আধঘণ্টা। রানহীন ১৯টি বল। সব কটিই সোয়ানের। এর মধ্যে কয়েকটি বল কাঁপিয়ে দিয়েছিল রজার্সের অন্তরাত্মা। শেষ পর্যন্ত সোয়ানকে সুইপ করে চার মেরেই তিন অঙ্কের সঙ্গে দেখা। এর পর ওই নিরুত্তাপ উদ্যাপন! পরে যে প্রসঙ্গে রজার্স বলেছেন, ‘আমার উদ্যাপন-টুদ্যাপন অত আসে না।’উদ্যাপন না-করা নিয়ে এত কথা অকারণে নয়। এটা যে শুধুই একটা টেস্ট সেঞ্চুরি নয়। ক্রিস রজার্সের স্বপ্নপূরণ বলবেন? সেটিও বোধ হয় ঠিক হবে না। স্বপ্নেও কি টেস্ট সেঞ্চুরির কথা ভেবেছিলেন অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার! ২০০৮ সালে ম্যাথু হেইডেনের চোটের সুবাদে টেস্ট অভিষেক হয়েছিল। ভারতের বিপক্ষে পার্থে দুই ইনিংসে ৪ ও ১৫ করার পর পাঁচ বছর দৃষ্টির অন্তরালে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন এই সময়ে। তার পরও এবারের অ্যাশেজের অস্ট্রেলিয়া দলে তাঁর ডাক পাওয়া বড় এক চমক হয়েই এসেছিল। ওল্ড ট্রাফোর্ডে আগের টেস্টেই সেঞ্চুরির সুবাস পেয়েছিলেন। ৮৪ রানে আউট হয়ে যাওয়ায় যা মিলিয়ে গেছে মরীচিকার মতো। শেষ পর্যন্ত গত পরশু চেস্টার-লি-স্ট্রিটে সেঞ্চুরি পেলেন।  মাত্র পঞ্চম টেস্টেই, তবে ৩৫ বছর ৩৪৪ দিন বয়সে। অস্ট্রেলিয়ার পক্ষে এর চেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরি করেছেন মাত্র একজনই। ১৯২৬ সালের অ্যাশেজে লিডসে আর্থার রিচার্ডসন তাঁর প্রথম ও একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন ৩৫ বছর ৩৫৩ দিন বয়সে।প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল সেই ১৯৯৮-৯৯ মৌসুমে। ২০ হাজারের মতো রান করেছেন, সেঞ্চুরি ৬০টি। একটি টেস্ট সেঞ্চুরির কাছে সেসব অর্জনও স্বাভাবিকভাবেই ম্লান। সেঞ্চুরির প্রতিক্রিয়ায় রজার্স বলেছেন, ‘এত বছর ঘরোয়া ক্রিকেট খেলার এই অভাবিত সুযোগটা পাওয়া, সেঞ্চুরি করা—এটা এমন একটা ব্যাপার যা আপনি শুধু স্বপ্নেই সম্ভব বলে ভাবতে পারেন।’ তাঁর নিজের কাছেই টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতার প্রমাণ হয়ে এসেছে এই সেঞ্চুরি, ‘আমি বিশ্বাস করতে চেয়েছি, আমি (টেস্ট পর্যায়ের জন্য) যথেষ্ট ভালো, তবে নিশ্চিত হই কীভাবে! এখন সেঞ্চুরি করেছি, কেউ তা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’মেঘলা আকাশের নিচে বল খুব সুইং করেছে, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে রজার্সই শুধু তা ভালোমতো সামলাতে পেরেছেন। পেয়েছেন ভাগ্যের সহায়তাও। ২০ রানে প্রমত্ত ব্রডের বলে তাঁকে কট বিহাইন্ড আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার টনি হিল। রজার্স রিভিউ চাইলে হটস্পট ব্যাটের সঙ্গে বলের কোনো সংস্পর্শ দেখাতে পারেনি। ৪৯ রানে ওই ব্রডের বলেই দ্বিতীয় স্লিপে সোয়ানের সৌজন্যে নতুন জীবন পেয়েছেন।

এত বছর ধরে ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় থাকা ক্রিস রজার্সের ভাগ্যের এটুকু পক্ষপাত প্রাপ্যই ছিল! তথ্যসূত্র: স্টার ক্রিকেট ও এএফপি।