অপেক্ষায় একাডেমির ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে জাতীয় দলে খেলার সুযোগ পাননি। রংপুর গঙ্গাচড়া সেন্টারস ক্লাবের ফুটবলার সাজেদুল ইসলাম (লুলু) আক্ষেপটা মেটাতে চেয়েছিলেন ছেলে ওয়াহিদুজ্জামান প্রধানকে দিয়ে। ছেলেকে বড় ফুটবলার বানানোর স্বপ্নে বিভোর হয়ে ঢাকায় এসেছিলেন গত বছর এই দিনে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চূড়ান্ত বাছাই শেষে ওয়াহিদুজ্জামান টিকেও গিয়েছিলেন ফুটবল ফেডারেশনের একাডেমির জন্য। কিন্তু একাডেমির বদলে ওয়াহিদুজ্জামান খেলছেন গঙ্গাচড়া উপজেলার হয়ে। স্থানীয় টুর্নামেন্টে একই দলে খেলছেন বাবাও।

নারায়ণগঞ্জের মোহাম্মদ মিঠু এয়ারটেল রাইজিং স্টারের গত বছরের বাছাইয়ে উত্তীর্ণ হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর বাফুফের একাডেমিতেও। কিন্তু মিঠু এখন নিয়মিত খেলছেন না কোথাও। শুধু ওয়াহিদ বা মিঠুই নন, বাফুফে একাডেমিতে সুযোগ পাওয়া অনেকেই এখন ফুটবলটা ভুলতে বসেছেন।

বাফুফে একাডেমির চূড়ান্ত বাছাইয়ের এক বছর পূর্ণ হচ্ছে আজ। গত বছর ১০ ডিসেম্বর শেষ হওয়া বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ফিফার দুই প্রতিনিধি। সারা দেশ থেকে প্রাথমিক বাছাই শেষে দুই দফায় বেছে নেওয়া হয় অনূর্ধ্ব-১৪ দলের ৩৭ জন এবং অনূর্ধ্ব-১৮ দলের ২৭ ফুটবলারকে। সবকিছু ঠিক থাকলে গত জানুয়ারিতেই এই ছেলেদের একাডেমিতে পথচলা শুরু হতে পারত। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার চক্করে পড়ে বাফুফে আজও সিলেট একাডেমির কার্যক্রম শুরুই করতে পারেনি। কবে শুরু হবে, তা নিয়েও সংশয়ে। সারা দেশ থেকে ফুটবলারদের অভিভাবকেরা প্রতিনিয়তই জানতে চান অগ্রগতি। কিন্তু কোনো উত্তরই দিতে পারেন না বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর যোবায়ের নিপু।

ওয়াহিদের বাবা সাজেদুল হতাশার সুরে বলছিলেন, ‘বাফুফের একাডেমি নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। দুশ্চিন্তায় ছেলের ভবিষ্যৎ নিয়েও। আদৌ এটা শুরু হবে কি না তা নিয়ে আমি সন্দিহান। ছেলেকে স্থানীয় টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিচ্ছি, যদি এভাবেও ফুটবলের চর্চাটা ধরে রাখা যায়।’

একাডেমির অনূর্ধ্ব-১৮ দলের মুন্না, মাসুম, আজিজুল, জিন্টু, সাব্বির, মিজানুর, দেলোয়ার, জুলফিকার, রাসেল, মিমকে অবশ্য শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের একাডেমিতে সুযোগ দিয়েছে। তবে লেখাপড়ায় মন দেবেন বলে ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে গেছেন সাফাত। খেলাই ছেড়ে দিয়েছেন। রাঙামাটির তরুণ মুন্না ক্ষোভের সঙ্গে বললেন, ‘আমি তো মাঝেমধ্যে বাড়িতে বসে কান্নাকাটিও করি। এক বছর পেরিয়ে গেল, কিন্তু একাডেমি চালুর কোনো উদ্যোগ নেই। ভেবেছিলাম একদিন জাতীয় দলে খেলার সুযোগ পাব। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’

বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়ও হতাশ, ‘এক বছর হতে চলল এদের বাছাই করেছি। একাডেমি কবে বুঝে পাব সেটা জানি না। এর জন্য দায়ী ক্রীড়ামন্ত্রী (সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার) ও এনএসসি।’ এসব ছেলের ভবিষ্যৎ নিয়েও সংশয়ে তিনি, ‘এদের বিকেএসপিতে নিয়ে গিয়ে অন্তত বেসিক ট্রেনিং দিতে চেয়েছিলাম বিদেশি কোচ দিয়ে। সেটাও হলো না। যে সময়ে ওদের বাছাই করেছিলাম, তাতে এরই মধ্যে অনেকের জাতীয় দলের দরজায় দাঁড়ানোর কথা। কিন্তু ওদের খোঁজখবরই নিতে পারছি না।’