অপেক্ষায় চেলসি-জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের পর তিন বছরের বিরতি। এর মধ্যে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জয়টা ছিল সোনার হরিণ। কী উজ্জ্বলভাবেই না জুভেন্টাস ধরল সেই সোনার হরিণ! চ্যাম্পিয়নস লিগে নবাগত নরশেলানকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। এই জয়ের পরও তাদের পরের রাউন্ডে ওঠাটা এখনো ঢাকা অনিশ্চয়তার চাদরে। ‘ই’ গ্রুপটাও ভালোই জমে উঠেছে। চেলসি গত পরশু লন্ডনে শাখতার দোনেৎস্ককে ৩-২ গোলে হারানোর পর চেলসি, জুভেন্টাস, শাখতার ৬ পয়েন্ট নিয়ে এসে পড়ল একই সমতলে। শেষ ষোলোতে কারা উঠবে, সেটি জানার জন্য এই গ্রুপের শেষ ম্যাচ পর্যন্তই বোধ হয় অপেক্ষা করতে হবে।তবে জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফনের বিশ্বাস, এখনো সবকিছু তাদের হাতেই আছে, ‘ড্র (চেলসি-শাখতার ম্যাচে) হলে অবশ্য ভালোই হতো, কিন্তু দিন শেষে আমাদের ভাগ্য কিন্তু আমাদের হাতেই। সবকিছু যে আমাদের ওপর নির্ভর করছে এটা এক দিক দিয়ে ভালোই। আমরা আত্মবিশ্বাসী। আর আপনি সব সময় অন্যের ওপর নির্ভর করতে পারেন না।’এ সপ্তাহেই ইন্টার মিলানের কাছে হেরে সিরি ‘আ’তে নিজেদের অপরাজিত যাত্রাকে অর্ধশত ম্যাচে নিতে ব্যর্থ হয়েছে জুভেন্টাস। ওই ব্যর্থতাই তাদের তাতিয়ে দিয়েছিল বলে মনে করেন মিডফিল্ডার মার্কিসিও, ‘ইন্টারের কাছে হারার পর অনেক কথাই হয়েছিল। কিন্তু কেউ কেউ বলতে ভুলে গিয়েছিল আমরা এক বছরের বেশি সময় হারিনি। আমরা মানসিকভাবে একটা বড় ধাক্কা খেতে পারতাম, কিন্তু সেটা আমরা হতে দিইনি।’ জুভেন্টাসের মতো অনায়াস জয় তো নয়ই, জিততে কালঘাম ছুটে গেছে চেলসির। ভিক্টর মোজেসের শেষ মুহূর্তের গোলেই রক্ষা পেয়েছে রবার্তো ডি মাত্তেওর দল। পুরো ম্যাচে ভালো খেলেও রক্ষণের অমার্জনীয় কিছু ভুলের মূল্য দিতে হয়েছে শাখতারকে। তবে ডি মাত্তেওর কথা, জয়টা তাদের প্রাপ্যই ছিল, ‘সম্ভবত যে সময়ে গোলটা হয়েছিল তাতে আপনি বলতে পারেন কিছুটা হলেও ভাগ্যের ছোঁয়া ছিল, কেননা ওটা ছিল ম্যাচের শেষ ঘটনা। কিন্তু যখন আপনি ভালো একটা দলের বিপক্ষে জিতবেন, সেটা আপনার প্রাপ্যই। আমরা ভালোই খেলেছি। ওদেরও চাপে রেখেছি। বিশেষ করে প্রথমার্ধে, যখন তোরেস ও অস্কার দুটি গোল করেছে। এখন বাকি ম্যাচগুলো থেকে আমাদের কিছু পেতে হবে।’পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত ১ গোলে পিছিয়ে থাকায় পরাজয়ের শঙ্কাই ঘিরে ধরেছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। কিন্তু এরপরই ফন পার্সি, রুনি ও হার্নান্দেজের গোলে তৃতীয় দল হিসেবে নিশ্চিত হয় তাদের শেষ ষোলো। গত বছর প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল ফার্গুসনের দল। সেই দুঃস্বপ্নকে সমাধি দেওয়ার স্বস্তিতেই বুঁদ ইউনাইটেডের রায়ান গিগস, ‘গত বছর আমরা সবাই হতাশ ছিলাম। আমাদের কিছু একটা করতে হতো এবং আমরা সেটা করেছি।’বেশ কিছুদিন ধরেই দুর্দান্ত খেলছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির সভাপতি উলি হোয়েনেস তো দাবি করেছেন ফুটবলকে শিল্পের পর্যায়েই নিয়ে গেছে বায়ার্ন! সভাপতির কথার দারুণ প্রতিদানই দিলেন লাম-রোবেন-পিজারোরা। ক্লদিও পিজারোর হ্যাটট্রিকে ফ্রান্সের লিলকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে গতবারের ফাইনালিস্টরা। এখনো অবশ্য পরের রাউন্ড নিশ্চিত নয়, তবে ভ্যালেন্সিয়ার সঙ্গে যৌথভাবে ৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই আছে। এএফপি, রয়টার্স। এক নজরে জুভেন্টাস ৪ : ০ নরশেলান চেলসি ৩ : ২ শাখতার ভ্যালেন্সিয়া ৪ : ২ বাতে বরিসভ বায়ার্ন মিউনিখ ৬ : ১ লিল বেনফিকা ২ : ০ সপার্তাক মস্কো সেল্টিক ২ : ১ বার্সেলোনা ক্লুজ ১ : ৩ গ্যালাতাসারাই ব্রাগা ১ : ৩ ইউনাইটেড