মিশেল প্লাতিনির সঙ্গে কবে প্রথম ‘পরিচয়’, ঠিক মনে করতে পারছি না। ১৯৮২ বিশ্বকাপই হবে। তবে প্লাতিনির প্রেমে মজার দিনক্ষণটা স্পষ্টই মনে করতে পারি। ১৯৮৫ সালে জুভেন্টাস-আর্জেন্টিনোস জুনিয়র্স বিশ্ব ক্লাব কাপ ফাইনাল। বিটিভিতেই বোধ হয় দেখেছিলাম ম্যাচটি।‘বোধ হয়’ কথাটা বাদ দিলেও হয়। তখন বিটিভি ছাড়া আর কিছু ছিল নাকি! সেই ম্যাচের প্লাতিনি সদ্য কৈশোরোত্তীর্ণ মন এমনই জয় করে নিলেন যে, জুভেন্টাসের ঘোর সমর্থক হয়ে গেলাম। ফ্রান্সেরও। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার ওই অত্যাশ্চর্য সব কাণ্ডকীর্তিও যে আনুগত্যে কোনো ফাটল ধরাতে পারেনি।প্লাতিনি-যুগ শেষ হলো। অস্তমিত হলো ফ্রান্সের ফুটবল-সূর্যও। আবার তা উদিত হলো জিনেদিন জিদানের হাত ধরে। জিদান এলেন এক বিস্ময় হয়ে। ফুটবলের মতো শারীরিক খেলায় যে কারও সম্পর্কে ‘সাবলাইম’ শব্দটা ব্যবহার করা যেতে পারে, জিদানকে দেখার আগে তা কল্পনাতেও ছিল না।গত পরশু রাতে সেই জিদানকে হতভম্ব হয়ে গ্যালারিতে বসে থাকতে দেখলাম। প্লাতিনিও কি ছিলেন কোথাও? কী দেখলেন তাঁরা—খেলা, নাকি ফরাসি ফুটবলের শবযাত্রা?ফ্রান্সের ফুটবলের একটা আলাদা ধাঁচ আছে। শিল্প-সাহিত্য-চিত্রকলার মতো ফুটবলটাও খুব সূক্ষ্ম স্তরে চর্চা করেছে ফরাসিরা। উত্তর ইউরোপের যান্ত্রিকতা নয়, নয় লাতিন ইউরোপের বাঁধনহারা উদ্দামতাও—দুটির মিশেলে প্রায় নিজস্ব একটা ঘরানারই জন্ম দিয়েছিল ওরা। সবকিছু ছাপিয়ে যেটিতে মূর্ত হয়ে উঠত সৃষ্টিশীলতা। এই বিশ্বকাপের ফ্রান্সকে দেখে মনে হলো, এর সবই নিছক তত্ত্বকথা। এরা তো খেলতেই জানে না!এত দিন ফ্রান্সের ফুটবল নিয়ে বন্ধুবান্ধবকে বলেছি, ‘দেখবি, ফ্রান্স গোলের সুযোগ নষ্ট করে হারতে পারে। কিন্তু কখনোই এমন হবে না যে, ফ্রান্স গোলের সুযোগই তৈরি করতে পারল না।’ অ্যাটাকিং থার্ডে বৈচিত্র্যময় সব পাস খেলে অবলীলায় গোলমুখ খুলে খেলাটাকেই তো এত দিন ফরাসি ফুটবলের ‘হলমার্ক’ বলে জেনে এসেছি। কিন্তু পরশু রাতে এ কোন ফ্রান্সকে দেখলাম! কোনো ব্যক্তিগত নৈপুণ্যের ছটা নেই, নেই যূথবদ্ধতার কোনো চেতনাও—পুরোপুরি জড়ভরত একটা দল।ফরাসি ফুটবলে ভয়াল সেই শূন্যতার দিন কি তাহলে আবার এসে গেল! ফুটবলের বড় শক্তিগুলোর মধ্যে আর কোনো দেশকে এমন নিয়মিত বিরতিতে এই সমস্যায় পড়তে হয়নি। ফুটবলটারও অমন সূক্ষ্ম পর্যায়ে চর্চা বলেই কিনা ফ্রান্সকে জাগিয়ে তুলতেও মহান কোনো শিল্পীর ছোঁয়া লাগে। পঞ্চাশের দশকে যা দিয়েছিলেন রেমন্ড কোপা। সঙ্গে ছিলেন অবিশ্বাস্য এক গোলশিকারি জাঁ ফন্টেইন। ১৯৫৮ বিশ্বকাপে যাঁর ১৩ গোল প্রায় অবিনশ্বর এক রেকর্ড হয়ে আছে। সেই বিশ্বকাপে পেলের ব্রাজিলের বর্ণচ্ছটায় ম্লান হয়ে গিয়েছিল বাকি সব দল। তার মধ্যেও ঠিকই আলো ছড়িয়েছিল ফ্রান্স। সেমিফাইনালে পেলের হ্যাটট্রিকে ২-৫ গোলে হারতে হয়েছিল। কিন্তু ৬ ম্যাচে ২৩টি গোল করে আর ১৫টি খেয়ে উন্মুক্ত আক্রমণাত্মক ফুটবলের যে প্রদর্শনী সাজিয়ে বসেছিল ফরাসিরা, তার তুল্য কিছু বিশ্বকাপ আর দেখেনি। বিশ্বকাপ ইতিহাসে আর কোনো দল এত গোল করেনি, এত গোল খায়ওনি।সেই ফ্রান্স আবার স্বমহিমায় দেখা দিতে দিতে আশির দশক। মিশেল প্লাতিনির ছোঁয়ায় ১৯৮৪ ইউরো জয়। আবারও বাঁধনহারা আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী—৫ ম্যাচেই জয়, গোল ১৪টি, যার ৯টিই প্লাতিনির একার। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপেও ফ্রান্স দুর্দান্ত। সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় তো টাইব্রেকারের লটারিতে হেরে। অথচ প্লাতিনিরা সরে যাওয়ার পর সেই দলই পরের দুটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বেই উঠতে ব্যর্থ। ১৯৯৮ বিশ্বকাপে জিনেদিন জিদানের হাত ধরে পুনর্জাগরণ। তিনটি বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ। মাঝখানে যে একবার প্রথম রাউন্ডে বিদায়, সেটি হয়তো ইনজুরি জিদানকে কেড়ে নিয়েছিল বলেই। ২০০৬ বিশ্বকাপটাও তো ফসকে গেল জিদানের মুহূর্তের পাগলামিতেই। জিদানের মধ্যে প্লাতিনিকেই খুঁজেছে ফ্রান্স। বিশ্বকাপ জিতে জিদান হয়তো প্রত্যাশার চেয়ে একটু বেশিই দিয়েছেন। রিবেরির মধ্যে জিদানকে খোঁজা হয়েছিল। এখন তা স্বীকার করতেও হয়তো লজ্জা। অঁরির ওই হ্যান্ডবল-গোলটা না হলে প্লাতিনি-জিদানে মিল খুঁজে পাওয়া যেত আরও। প্লাতিনি সরে যাওয়ার পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি ফ্রান্স। জিদান সরে যাওয়ার পরও তো তা-ই হতে যাচ্ছিল।অলৌকিক কিছু না ঘটলে এই বিশ্বকাপ শেষই হয়ে গেছে ফ্রান্সের। আরেকজন প্লাতিনি বা জিদানের জন্য ফরাসিদের প্রার্থনায় বসারও সময় হয়েছে।