অপেক্ষায় শুধু জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসের ‘হ্যাটট্রিক হিরো’ আরতুরো ভিদাল     রয়টার্স
জুভেন্টাসের ‘হ্যাটট্রিক হিরো’ আরতুরো ভিদাল রয়টার্স

সাফল্যের কোনো সীমা নেই। সেটাই যেন বোঝাতে চাইছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের টিকিট হাতে এসে গেছে আগেই, হারলে তাই বিশেষ কোনো ক্ষতি ছিল না। কিন্তু জিতলে যে নতুন রেকর্ড! মস্কোতে পেপ গার্দিওলার দল সেই রেকর্ডও নিজেদের করে নিল।
নকআউট পর্ব নিশ্চিত ছিল না রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড বা পিএসজির। কিন্তু সেটা পেতে সমস্যা হতে পারে এমন সংশয় দেখা যায়নি কখনো। স্বছন্দেই পরের রাউন্ডে উঠে গেল ইউরোপের তিন পরাশক্তি। এর মধ্যে একটা নতুন রেকর্ড গড়ল রিয়ালও।
সংশয় ছিল কেবল জুভেন্টাসকে নিয়ে। খাদের কিনারায় চলে যাওয়া সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা অবশ্য সে সংশয় অনেকটাই দূর করে দিয়েছে পরশু কোপেনহেগেনকে হারিয়ে। জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, বেনফিকা আর শাখতার দোনেৎস্কও।
 টানা ১০ বায়ার্নের
রিবেরি, শোয়েনস্টেইগার, মানজুকিচ ছিলেন না। অবশ্য কারোরই দরকার পড়েনি। আরিয়েন রোবেন, মারিও গোটশে ও টমাস মুলারের গোলে সিএসকেএ মস্কোকে হেসেখেলেই ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। মস্কোর তীব্র ঠান্ডা, অসমতল ও পিচ্ছিল মাঠ কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি ওদের রেকর্ডের পথে। চ্যাম্পিয়নস লিগের টানা ১০ ম্যাচ জয়ের নতুন রেকর্ডটা হওয়ার পর রোবেন দাবি করলেন এটা নাকি তাদের মূল লক্ষ্য ছিল না, ‘আমরা আগেও বলেছি, বায়ার্ন রেকর্ডের জন্য খেলে না। আমরা খেলি শিরোপার জন্য।’ দলের খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশা আরও অনেক বেশি বলেই কিনা উচ্ছ্বাসটা খুব নিয়ন্ত্রিত কোচ গার্দিওলারও, ‘আমি গর্বিত। টানা ১০ জয় আসলেই অসাধারণ।’
 রিয়ালের রেকর্ড
২৬ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যান সার্জিও রামোস। বাকি প্রায় এক ঘণ্টাই একজন কম নিয়ে খেলেছে রিয়াল মাদ্রিদ। তবে গ্যালাতাসারাইকে হারানোর জন্য ১০ জনই যথেষ্ট—প্রমাণ করেছে রিয়াল। ৩৭ মিনিটে গ্যারেথ বেলের গোলের পরের মিনিটেই উমুত বুলুত গোল শোধ করে একটু নাটকীয়তার আভাস দিয়েছিলেন। ওই পর্যন্তই। আরবেলোয়া, ডি মারিয়া আর ইসকো মিলে তার্কিশ চ্যাম্পিয়নদের নাচিয়ে ছেড়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। চ্যাম্পিয়নস লিগে টানা ৩০ ম্যাচে গোল করার রেকর্ড আর এমন জয়ের পর খেলোয়াড়দের নিয়ে মুগ্ধ হতেই পারেন কার্লো আনচেলত্তি, ‘১০ জন নিয়ে খেলা সহজ নয় মোটেও। কিন্তু ছেলেরা খুব সাহসের সঙ্গে খেলেছে।’

 ভাগ্য জুভেন্টাসের হাতেই
কোনো ম্যাচে হারলেই বাদ—এমন অবস্থায় খেলতে নেমে যদি কেউ হ্যাটট্রিক করে দলকে জেতান তাঁর অনুভূতিটা কেমন হতে পারে? আরতুরো ভিদালের মুখেই শুনুন, ‘আমি এই বলটা বাড়ি নিয়ে যাব। আমার ছেলেকে উপহার দিয়ে বলব, আমি জিতে এসেছি।’ কোপেনহেগেনের বিপক্ষে জুভেন্টাসের জয়ের নায়ক এই চিলিয়ান ফুটবলারের উচ্ছ্বাসের আরেকটা কারণ এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। দারুণ জয়ে ঘুরে দাঁড়ানো জুভেন্টাস ইস্তাম্বুলে শেষ ম্যাচে গ্যালাতাসারাইয়ের সঙ্গে ড্র করলেই যাবে পরের রাউন্ডে। কোচ আন্তোনিও কন্তের বুক থেকে একটা বিশাল পাথর যেন নেমে গেছে, ‘এখন আমাদের ভাগ্য আমাদের হাতে।’

 ইউনাইটেডের মৌসুম-সেরা
গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হিসেবে ডেভিড ময়েসের সম্ভবত সবচেয়ে সুখের দিনটা ছিল পরশু। পাঁচ মাস ধরে এই ইউনাইটেডকে দেখার জন্যই তো চাতক পাখির মতো অপেক্ষায় সমর্থকেরা। রেড ডেভিলদের এমন দুর্দান্ত একটি রাত উপহার দেওয়ার মূল কৃতিত্ব অবশ্য স্ট্রাইকার ওয়েইন রুনির। বেয়ার লেভারকুসেনের জালে দেওয়া ইউনাইটেডের ৫ গোলের চারটিরই জোগান দিয়েছেন রুনি। বিশাল জয়ে পরের রাউন্ড নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত ময়েস, ‘এটা সম্ভবত এই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স। অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোল করা আসলেই অসাধারণ।’

 শততম ম্যাচে ইব্রার গোল
শুধু ড্র হলেই চলত। কিন্তু চ্যাম্পিয়নস লিগের নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে কিছু একটা করা উচিতই ছিল। জ্লাতান ইব্রাহিমোভিচ গোল করলেন ৭ মিনিটে। অলিম্পিয়াকসের হয়ে কোসতাস মানোলাস গোলটি শোধ করেন শেষ বাঁশির ১০ মিনিট আগে। কাভানি কেন সেটা মেনে নেবেন! শেষ মুহূর্তে গোল করে ঠিকই দলকে জেতালেন পিএসজি স্ট্রাইকার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড নিশ্চিত করল ফরাসি ক্লাব। এএফপি।

এক নজরে

লেভারকুসেন ০ : ৫ ইউনাইটেড
শাখতার ৪ : ০ সোসিয়েদাদ
রিয়াল ৪ : ১ গ্যালাতাসারাই
জুভেন্টাস ৩ : ১ কোপেনহেগেন
পিএসজি ২ : ১ অলিম্পিয়াকস
আন্ডারলেখট ২ : ৩ বেনফিকা
সিএসকেএ মস্কো ১ : ৩ বায়ার্ন
ম্যান সিটি ৪ : ২ প্লজেন
* স্বাগতিক দল প্রথমে
রেকর্ডের রাত
চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড বায়ার্ন মিউনিখের। ৯ জয়ের আগের রেকর্ডটি বায়ার্ন কোচ পেপ গার্দিওলার সাবেক দল বার্সেলোনার।
৩০ ম্যাচে গোল করে চ্যাম্পিয়নস লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলের রেকর্ড রিয়াল মাদ্রিদের। টানা ২৯ ম্যাচে গোলের রেকর্ড ছিল বার্সেলোনার।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড (৮টি) ছুঁলেন ইব্রাহিমোভিচ। সমান গোল আছে রোনালদো, নিস্টলরয়, ক্রেসপো আর ইনজাগির।