অপেক্ষায় সাজেদুল-মমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 যখনই পানি নিয়ে মাঠে ঢুকেছেন, চোখ চলে গেছে পাশের উইকেটে। যেটিতে ঘাসের আস্তরণ। সাজেদুল ইসলামের তা দেখে মনে হয়েছে, দ্বিতীয় টেস্টে নিশ্চয়ই উইকেট থেকে আরও বেশি সাহায্য পাবেন পেসাররা। প্রথম টেস্টে মাঠের বাইরে থেকে দুই দলের ব্যাটিং দেখে ব্যাটসম্যান মমিনুল হকও কিছু শিখতে চেষ্টা করেছেন। হারারের উইকেটে ব্যাটসম্যানকে কী করতে হবে আর কী করা যাবে না, মনে মনে সেই ছবি এঁকেছেন।আগামী পরশু শুরু দ্বিতীয় টেস্টের আগে দল নিয়ে বেশ কিছু হিসাব-নিকাশ হবে। সাজিদুল-মমিনুল কাল পর্যন্তও নিশ্চিত ছিলেন না, তাঁদের খেলা হবে কি না। তবে পরশু বিকেল আর রাতের বৃষ্টির পর হারারের মিষ্টি হিমেল হাওয়া যেন এখন তাঁদের দিকেই বইছে। শাহাদাত হোসেন চলে যাচ্ছেন, রুবেল হোসেনও খেলবেন না। পেসার সাজেদুলের খেলা তাই অনেকটাই নিশ্চিত। দল নিয়ে হলিডে ইন হোটেলের নানামুখী আলোচনায় সম্ভাবনা দেখা যাচ্ছে মমিনুলেরও।মানসিক প্রস্তুতি নেওয়ার কাজটা তাই সেরে রাখছেন দুজনই। প্রথম টেস্ট দেখার অভিজ্ঞতা বড় সহায়ক হচ্ছে সেই প্রস্তুতিতে। সাজেদুল যেমন বললেন, ‘প্রথম টেস্টে যখনই পানি নিয়ে মাঠে গেছি, দেখেছি পাশের উইকেটে ঘাস একটু বেশি। এই টেস্টে তাই পেসারদের আরও বেশি সুবিধা পাওয়ার কথা।’ মমিনুলও আছেন প্রথম টেস্টের ‘অভিজ্ঞতা’ কাজে লাগানোর অপেক্ষায়, ‘এখনো জানি না খেলব কি না। তবে প্রথম টেস্টটা দেখে কিছু জিনিস শেখার চেষ্টা করেছি। কিছু জিনিস নিয়ে ভেবেছি। সুযোগ পেলে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’২০০৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক সাজেদুলের। ওই সিরিজের দুই টেস্টে ৩ উইকেটই তাঁর ক্যারিয়ার-রেকর্ড হয়ে আছে এখনো। আন্তর্জাতিক অঙ্গনে অনভিজ্ঞ হতে পারেন, তাই বলে প্রথম টেস্ট চলার সময় পাশের উইকেটে ঘাস দেখে এত উৎসাহিত হওয়াটা একটু বিস্ময়করই। টেস্ট শুরুর আগে যে ঘাস কাটা হবে, এটি কি তিনি জানেন না! তা ছাড়া প্রথম টেস্ট যে উইকেটে খেলা হবে বলে জানিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট, শেষ পর্যন্ত সে উইকেটে হয়নি। দ্বিতীয় টেস্টের এত আগে তাই উইকেট নিয়ে পূর্বানুমান না করাই ভালো। মমিনুলের টেস্ট অভিষেক সর্বশেষ শ্রীলঙ্কা সফরে। প্রথম টেস্টের একমাত্র ইনিংসে ৫৫। দ্বিতীয় টেস্টে ৬৪ আর ৩৭। এ রকম একটা অভিষেক সিরিজের পরের টেস্টেই খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক। এমনিতেও চুপচাপ স্বভাবের মমিনুল যেন সে কারণেই জিম্বাবুয়েতে আরেকটু গম্ভীর।শুধু সহ-অধিনায়ক বলেই যদি মাহমুদউল্লাহকে পরের টেস্টে না নেওয়া হয়, হাসার উপলক্ষ পেয়ে যাবেন মমিনুল। আর সেটা হলে একটা সুবিধার দিক খুঁজে পাচ্ছেন নিজেই, ‘জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় আমাদের দলের ওপর চাপ থাকে। তবে আমি যেহেতু আগে ওদের বিপক্ষে খেলিনি, আশা করি, সেই চাপ অন্তত আমার ওপর থাকবে না।’ একই দাবি সাজেদুলও করতে পারেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সবাই যে চাপ-তত্ত্বের কথা বলে, সাজেদুল সেটাতে একমত বলে মনে হলো না। প্রথম টেস্টে ব্যাটিং-বিপর্যয় নিয়ে এই পেসারের পর্যবেক্ষণ, ‘আমি তো খেলিনি, তাই ঠিক বলতে পারব না কারণটা কী। তবে আমার মনে হয়, ব্যাটসম্যানরা আরেকটু মনোযোগ দিয়ে ব্যাটিং করলে আরও ভালো খেলা যেত।’বোলারের দৃষ্টিকোণ থেকে হারারের উইকেট অবশ্য স্বপ্নই দেখাচ্ছে তাঁকে, ‘আমি যেহেতু সুইং করাই, আমার মনে হয় এই উইকেটে ভালো বল করতে পারব। প্রথম টেস্টে আমাদের রবিউল এবং ওদের পেসাররা বেশির ভাগ উইকেটই পেয়েছে ওপরে বল করে। বলের মুভমেন্ট দেরিতে বুঝতে পেরে সমস্যায় পড়েছে ব্যাটসম্যানরা।’‘কী করিলে কী হইবে’—সাজেদুল ও মমিনুল দুজনই মনে হচ্ছে তা জানেন। তবে জানা এক কথা আর মাঠে নেমে সেটিকে করে দেখানো আরেক কথা। এটাও নিশ্চয়ই তাঁদের অজানা নয়।