অপেক্ষায় সিলেট স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে ৭ আগস্ট বাংলাদেশে আসবে আইসিসির পর্যবেক্ষক দল। বিশ্বকাপের ভেন্যু আইসিসিকে বুঝিয়ে দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর হলেও পর্যবেক্ষকদের আগস্টেই দেখাতে হবে যে প্রস্তুতির কাজটা দ্রুতই এগোচ্ছে। কাল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও মনে করিয়ে দিলেন, বিশ্বকাপের ম্যাচ এ স্টেডিয়ামে হবে কি না, তা আগস্ট মাসেই বলা যাবে।অর্থমন্ত্রীর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তাবিত এই ভেন্যু পরিদর্শনে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিকেলে শহরতলির লাক্কাতুরা এলাকায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম ‘আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামে উন্নীতকরণ প্রকল্প’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তাঁর আশা, নির্ধারিত সময়েই শেষ হবে স্টেডিয়ামের কাজ।একই আশা বিসিবির সভাপতি নাজমুল হাসানেরও। সিলেট স্টেডিয়ামে বিশ্বকাপ হবে কি না, সে ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় তিনিও, ‘প্রক্রিয়াগত কারণে সিলেট স্টেডিয়ামের কাজ শুরু করতে দেরি হয়েছে। যে কারণে আইসিসি বিকল্প ভেন্যুর প্রস্তাব করেছে। তবে আগামী আগস্ট মাসে আবারও সিলেট স্টেডিয়ামের উন্নয়নকাজ পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি।’ সিলেট স্টেডিয়ামকে টি-টোয়েন্টি বিশ্বকাপের উপযোগী করে তুলতে আরও চার মাস আগে কাজ শুরু করা উচিত ছিল মন্তব্য করে বিসিবির সভাপতি দ্রুত কাজ শেষ করার জন্য তাগাদা দিয়েছেন সংশ্লিষ্টদের, ‘যে গতিতে স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে, তাতেও চলবে। তবে বাড়তি সতর্কতা প্রয়োজন। বাড়তি জনবল নিয়োগ করলে আরও ভালো হবে।’কোনো কারণে সময়মতো সিলেট বিভাগীয় স্টেডিয়াম প্রস্তুত না হলেও বিশ্বকাপ বাংলাদেশ থেকে অন্য দেশে যাবে না বলে জানিয়েছেন বিসিবির সভাপতি। সে ক্ষেত্রে খেলা হবে বিকল্প স্টেডিয়ামে। সিলেট স্টেডিয়ামের বিকল্প হিসেবে আছে ফতুল্লা স্টেডিয়াম। মহিলা বিশ্বকাপের ভেন্যু কক্সবাজার স্টেডিয়ামের বিকল্প বিকেএসপি।