অপ্রতিরোধ্য আর্জেন্টিনার সামনে ভেনেজুয়েলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল-অন্তঃপ্রাণ সমর্থক ছিলেন। গ্যালারিতে না থাকুন, টেলিভিশনের সামনে বসে দলের জন্য গলা ফাটিয়েছেন। ভেনেজুয়েলা তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী প্রেসিডেন্ট হুগো চাভেজকে হারিয়েছে কিছুদিন আগে। প্রেসিডেন্টের মৃত্যুর পর এই প্রথম মাঠে নামছে ভেনেজুয়েলা ফুটবল দল। আগামীকাল ভোরে বুয়েনস এইরেসে আর্জেন্টিনার সামনে চাভেজের দেশ। অন্য ম্যাচে মুখোমুখি দুই প্রতিবেশী উরুগুয়ে-প্যারাগুয়ে। ভেনেজুয়েলা শোককে শক্তিতে পরিণত করতে পারবে কি না, সেটার প্রমাণ মাঠেই হবে। তবে দুই দলের সর্বশেষ সাক্ষাতের ফলটা পুঁচকে দলটার পালে জোর হাওয়াই দেবে। দুই বছর আগের সেই ম্যাচে আর্জেন্টিনাকে হতভম্ব করে জিতেছিল চাভেজের দেশ। কাকতালীয়ভাবে বিশ্বকাপ বাছাইপর্বে ওটাই ভেনেজুয়েলার কাছে আর্জেন্টিনার একমাত্র হার। এর পর থেকে অপ্রতিরোধ্যই মেসিদের দল। বাছাইপর্বে অপরাজিত তো বটেই, গত সাতটি প্রীতি ম্যাচে হার মাত্র একটিতে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা স্পেন ও জার্মানির ঠিক পেছনেই। ক্লাবের হয়ে উজ্জ্বল, দেশের হয়ে বিবর্ণ—এই অপবাদ অনেকটাই যেন মুছে ফেলেছেন লিওনেল মেসি। গত দুই ম্যাচে করেছেন ৩ গোল, ৭ গোল নিয়ে হিগুয়েইন ও সুয়ারেজের সঙ্গে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরেই আছেন। ফুটবলীয় ঐতিহ্যেই হোক, আর দলীয় শক্তিমত্তায়—আর্জেন্টিনার সঙ্গে তুলনাই চলে না ভেনেজুয়েলার। মেসির দেশ যেখানে দুবার বিশ্বকাপ জিতেছে, সেখানে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যাদের এখনো বিশ্বকাপ খেলার সৌভাগ্যই হয়নি। দুই বছর আগের সেই পরাজয় ছাড়া আর্জেন্টিনা জিতেছে সব কটা ম্যাচই। তার ওপর ম্যাচটা যখন ঘরের মাঠে, আরেকটি বড় জয়কেই হয়তো দিগন্তসীমায় দেখছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। ২০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার ওপরে আছে আর্জেন্টিনা, বিশ্বকাপে যেতে হলে বাকি সাত ম্যাচে দুটি জয় পেলেই চলবে। আর ভেনেজুয়েলা ১২ পয়েন্ট নিয়ে আছে চারে। কে জানে, প্রিয় প্রেসিডেন্টের মৃত্যুশোককে শক্তিতে পরিণত করে এবারই হয়তো রং লাগাল তাদের স্বপ্নে!দক্ষিণ আমেরিকায় গত কয়েক বছরে সফলতম দুটি দল উরুগুয়ে ও প্যারাগুয়ে। কিন্তু এবারের বাছাইপর্বে দুই দলকেই চোখ রাঙাচ্ছে বিশ্বকাপ থেকে বাদ পড়ার লজ্জা। উরুগুয়ে তাও ১২ পয়েন্ট নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে, গত বিশ্বকাপের শেষ আটে খেলা প্যারাগুয়ে রয়েছে একেবারে তলানিতে। এএফপি।