অপ্রতিরোধ্য জুভেন্টাস দেখছে ‘পঞ্চাশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি-আ তে ৪৯ ম্যাচ ধরে অপরাজিত জুভেন্টাস। আজ নিজেদের মাঠে সেটিকে ৫০-এ তোলার সুবর্ণ সুযোগ। তবে প্রতিপক্ষ যখন ইন্টার মিলান, কাজটা সহজ হবে না। এমনিতে জুভেন্টাস-ইন্টার দুই শহরের দুই ক্লাব, কিন্তু ঐতিহ্যগতভাবে দুই দলের লড়াই আলাদা একটা উত্তাপ ছড়ায়। তাই এটির নাম ‘ডার্বি ডি ইতালিয়া’। লিগে শুরুটা ভালো না হলেও এখন ফর্মের তুঙ্গেই আছে ইন্টার। গত নয়টি ম্যাচই জিতেছে নেরাজ্জুরিরা, শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে ব্যবধানও কমিয়ে এনেছে ৪ পয়েন্টে। তার ওপর এ সপ্তাহেই দুই দলই পেয়েছে দারুণ দুটি জয়। সাম্পদোরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ইন্টার জিতেছে ৩-২ গোলে, আর বোলোনিয়াকে জুভেন্টাস শেষ মুহূর্তের গোলে হারিয়েছে ২-১ ব্যবধানে। ইন্টারের কোচ আন্দ্রেয়া স্ত্রামাৎচিওনি অবশ্য জুভেন্টাসকে নিয়ে আলাদাভাবে মাথা খুব একটা ঘামাচ্ছেন না, ‘শনিবার আমরা জুভেন্টাসের মুখোমুখি হওয়ার আগে আমি সৌভাগ্যবান। কারণ আমি তুলনামূলকভাবে শান্ত, সম্ভবত আমি ম্যাচটার গুরুত্ব সম্পর্কে খুব একটা ধারণা আমার নেই। কিন্তু আমি বিশ্বাস করি, যখন আপনি লিগের শীর্ষে বা সবার নিচের দিকের কোনো ক্লাবের সঙ্গে খেলবেন, তখন আপনাকে সব সময়ই জেতার চেষ্টা করতে হবে।’ জুভেন্টাস স্ট্রাইকার ফ্যাবিও কোয়ালারেল্লা বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি আছে বিয়াঙ্কোনেরিদের, ‘আমরা বোলোনিয়ার সঙ্গে অজেয় মানসিকতা দেখিয়েছি। আমাদের বিশ্বাস, এবারও আমরা ৯৫ মিনিট পর্যন্ত সেটা করতে পারব।’ ওদিকে জার্মানির বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ আজ নিজেদের মাঠে মুখোমুখি হচ্ছে হামবুর্গ। এএফপি, রয়টার্স।