অপ্রতিরোধ্য জোকোভিচ
নোভাক জোকোভিচের জয়যাত্রা চলছেই। পরশু রোম মাস্টার্সের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালকে হারালেন সরাসরি ৬-৪, ৬-৪ গেমে। মাত্র আট দিন আগে মাদ্রিদের ফাইনালেও নাদালকে সরাসরি সেটে হারিয়েছিলেন জোকোভিচ। এই নিয়ে টানা ৩৯ ম্যাচ জিতলেন সার্বিয়ান তারকা।এটা নাদালের বিপক্ষে তাঁর টানা চতুর্থ জয় এবং চারটিই এ বছরের চারটি মাস্টার্সের ফাইনালে। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লে কোর্টের সম্রাটকে টানা চার ম্যাচে হারিয়ে দেওয়া জোকোভিচের সামনে এখন আরও বড় অর্জনের হাতছানি। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পারলে টানা ৪৬ ম্যাচ জিতে স্পর্শ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি গিলের্মো ভিলাসের রেকর্ড। অস্ট্রেলিয়ান ওপেনসহ ৭টি টুর্নামেন্ট জিতে বছরের সেরা শুরুর রেকর্ডটাকেও টানা ৩৭ জয়ে নিয়ে যাওয়া বিশ্বের দুই নম্বর তারকার সামনে আছেন শুধু জন ম্যাকেনরো (৪২টি)।ক্লে কোর্টের সম্রাট নাদালকে প্রিয় কোর্টে হারিয়ে এক নম্বর হওয়ার আজন্ম লালিত স্বপ্নটায় আরও রং চড়ালেন জোকোভিচ। এক নম্বরের সঙ্গে র্যাঙ্কিং পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন অনেকটাই। নাদালের সঙ্গে এখন মাত্র ৪০৫ পয়েন্ট পেছনে তিনি। গ্যাস্টন গাউদিও (৩) ও রজার ফেদেরারের (২) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্লে কোর্টে স্প্যানিশ তারকাকে একাধিকবার হারালেন জোকোভিচ।অবিশ্বাস্য পারফরম্যান্স করে র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটার দিকে এগোচ্ছেন জোকোভিচ। ক্যারিয়ার গনগনে সূর্যের উত্তাপ ছড়াচ্ছে। তার পরও ফ্রেঞ্চ ওপেনের ষষ্ঠ শিরোপা জয়ের সামনে দাঁড়ানো নাদালকে এখনো ক্লে কোর্টের সেরা খেলোয়াড় মানেন জোকোভিচ, ‘সে ক্লের রাজা, এই মাটিতে খেলা সর্বকালের সেরা খেলোয়াড় সে, ক্লে কোর্টে তার আধিপত্য অবিশ্বাস্য।’ সাম্প্রতিক এই জয়গুলোকে অনুপ্রেরণা হিসেবেই নিচ্ছেন ২৩ বছর বয়সী সার্বিয়ান, ‘হ্যাঁ, গত আট দিনে দুটি ম্যাচে (ফাইনাল) জিতেছি এবং এটা আমার কাছে অবিশ্বাস্য, ফ্রেঞ্চ ওপেনের আগে এটা অনেক আত্মবিশ্বাস জোগাবে।’পরাজিত নাদালের কণ্ঠেও ঝরেছে সার্বিয়ানের প্রশংসা, ‘সে অবিশ্বাস্য খেলছে, সে শারীরিক ও মানসিকভাবে খুবই শক্ত।’প্যারিসের লাল দুর্গে জোকোভিচকেই ফেবারিট মানছেন পাঁচবারের চ্যাম্পিয়ন নাদাল, ‘গত কয়েক মাসে সে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সে অনেক আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে। দৌড়ে আমি এখন দ্বিতীয়। আমার লক্ষ্য হচ্ছে পরেরবার। তবে এটা চিরদিন চলতে পারে না কারণ এটা অসম্ভব। আমি তার শুভকামনা করি, তবে আমার চেষ্টাটা আমি চালিয়ে যাব।’ এএফপি, রয়টার্স।