দ্য লাস্ট কিং স্ট্যান্ডিং! একে একে দেউটি নিভতে থাকা এবারের ইউএস ওপেনে নোভাক জোকোভিচকে বলা হচ্ছে শেষ সম্রাট। তা ছাড়া ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন তিনিই। ক্যারিয়ারে অস্ট্রেলিয়া ওপেনই সর্বোচ্চ তিনবার জিতেছেন। কিন্তু ফ্লাশিং মিডোর সঙ্গেও তাঁর যথেষ্ট সুসম্পর্ক। এ নিয়ে টানা ষষ্ঠবার উঠে এলেন সেমিফাইনালে। এবং হিসাব বলছে, রজার ফেদেরার যেহেতু নেই, ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম শিরোপা উঠতে যাচ্ছে এই সার্বিয়ানের হাতেই। কিন্তু এখনো দুটো ধাপ পেরোতে হবে জোকোভিচকে। আজ প্রথম ধাপে তাঁর বাধা ডেভিড ফেরার। শেষ চারে এই স্প্যানিয়ার্ডেরই মুখোমুখি জোকোভিচ। নিশ্চিতভাবে তিনিই ফেবারিট। একটা সময় ছিল দুজনের লড়াইটা সমানে-সমান হতো। প্রথম ছয় ম্যাচে দুজনই জিতেছেন সমান-সমান। কিন্তু জোকোভিচ গত কয়েক বছরে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেও ফেরার ততটা এগোতে পারেননি। মুখোমুখি সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিই জিতে জোকোভিচ এগিয়ে ৮-৫-এ।পরশু আর্জেন্টিনার হুয়ার মার্টিন দেল পোত্রোকে উড়িয়ে দিয়েই শেষ চারে উঠে এসেছেন জোকোভিচ। দ্বিতীয় সেটটা টাইব্রেকার পর্যন্ত নিয়ে যেতে পারলেও দেল পোত্রো হেরেছেন ৬-২ ৭-৬(৩) ৬-৪ গেমে। অন্য ম্যাচে রজার ফেদেরারকে বধ করে সেমিফাইনালে উঠে আসা টমাস বার্ডিচ মুখোমুখি হবেন অ্যান্ডি মারের। মারে-বার্ডিচ মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এই চেক রিপাবলিকানই কিন্তু এগিয়ে (৪-২)। সর্বশেষ পাঁচ লড়াইয়ের চারটাই জিতেছেন বার্ডিচ।কিন্তু এই পর্যায়ে ফেদেরার-নাদালের অনুপস্থিতিই চোখে পড়ছে বেশি করে। গত আট বছরেরও বেশি সময়ে গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে অন্তত নাদাল-ফেদেরারের একজন ছিলেনই। ফেদেরার কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছেন। নাদাল চোটের কারণে টুর্নামেন্টেই আসেননি। টেনিসের ত্রয়ী-যুগের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন জোকোভিচ। সর্বশেষ ৩০টি গ্র্যান্ড স্লাম শিরোপার ২৯টিই গেছে এই তিনজনের মধ্যে।স্বাভাবিকভাবেই এবার শিরোপার বড় দাবিদার জোকোভিচই। তবে এই সার্বিয়ান নিজেই ত্রয়ী-যুগের ধারণাটা নাকি সেভাবে বিশ্বাস করেন না, ‘মারে, বার্ডিচ, ফেরার, আমি—আমরা সবাই কিন্তু শীর্ষ দশেরই খেলোয়াড়। রজারকে হারতে দেখে কেউ কেউ বিস্মিত হয়েছেন। কারণ ও এতটাই ধারাবাহিক, সবাই ধরেই নেয়, প্রতিটা গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল পর্যন্ত ও নিশ্চিত যাবে। কিন্তু বার্ডিচ যোগ্য খেলোয়াড় হিসেবেই উঠে এসেছে শেষ চারে। ও অবিশ্বাস্য খেলছে। এতটা ভালো খেলতে ওকে আগে দেখিনি।’বার্ডিচকে নিয়ে জোকোভিচকে আপাতত না ভাবলেও চলবে। ফেরারকে নিয়েই ভাবা উচিত তাঁর। নাদালের ছায়া থেকে যে ফেরার দেরিতে হলেও বেরিয়ে আসছেন। বার্ডিচকে নিয়ে দুশ্চিন্তাটা মারের জন্যই তোলা থাক। মজার ব্যাপার হলো, ফেদেরারকে হারিয়ে বার্ডিচ মহা অন্যায় করে ফেলেছেন—এমন একটা ব্যাপার যখন ইউএস ওপেনের বাতাসে, সেই সময় কোর্টে নামার আগে বার্ডিচের পাশেই দাঁড়ালেন মারে, ‘বার্ডিচ দুর্দান্ত খেলোয়াড়। ওকে ওর প্রাপ্য সম্মানটা অন্তত দিন।’ এএফপি, রয়টার্স।