অপ্রতিরোধ্য নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো প্রতিদ্বন্দ্বীকে হারানোর সঙ্গে ফাইনালে ওঠার আনন্দ একাকার রাফায়েল নাদালের চোখেমুখে। রজার ফেদেরারকে হারিয়ে কাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন নাদাল  এএফপি
পুরোনো প্রতিদ্বন্দ্বীকে হারানোর সঙ্গে ফাইনালে ওঠার আনন্দ একাকার রাফায়েল নাদালের চোখেমুখে। রজার ফেদেরারকে হারিয়ে কাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন নাদাল এএফপি

সত্য যে কঠিন! কাল মেলবোর্নে কঠিন সত্যটাই নতুন করে জানলেন রজার ফেদেরার। রূঢ় বাস্তবতার কাছেই থমকে গেল তাঁর রূপকথার প্রত্যাবর্তন। অনেক আশা জাগিয়েও শেষ পর্যন্ত আরেকটি গ্র্যান্ড স্লাম ‘যন্ত্রণা’ রাফায়েল নাদালের কাছে ‘উপহার’ পেলেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক। কাল অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে তাঁকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন নাদাল।
প্রতিপক্ষের নতুন কোচ, নতুন র‌্যাকেট কোনো কিছু থামাতে পারল না অপ্রতিরোধ্য নাদালকে। রড লেভার অ্যারেনায় মাত্র ২ ঘণ্টা ২৪ মিনিটে ফেদেরারকে উড়িয়ে দিয়ে এই স্প্যানিয়ার্ড জিতলেন ৭-৬ (৭/৪), ৬-৩, ৬-৩ গেমে। স্বপ্নের ম্যাচের কী বিবর্ণ স্কোর! কোটি কোটি টেনিসপ্রেমিদের হতাশ করে ধুন্ধুমার লড়াইয়ের আশা জাগানো ম্যাচটা শেষ পর্যন্ত হলো বড্ডই একপেশে।
২০০৭ সালের উইম্বলডন ফাইনাল থেকেই গ্র্যান্ড স্লামে নাদাল-ফেদেরার দ্বৈরথ মানেই ম্যাচ শেষে নাদালের হাসি। গ্র্যান্ড স্লামে প্রবল প্রতিপক্ষের বিপক্ষে টানা ষষ্ঠ জয়টি নাদাল পেলেন ফোসকা পড়া হাত দিয়ে খেলেই। এক সুইসকে শিকার করে ফাইনালে ওঠা বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সামনে এখন আরেক সুইস, স্তানিসলাস ভাভরিঙ্কা। আগামীকালের ফাইনালে ফেদেরার সতীর্থকে হারাতে পারলেই মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্লাম দুবার করে জেতা হয়ে যাবে ১৩টি গ্র্যান্ড স্লামের মালিকের।
প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েই ১৯তম বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা নাদাল বললেন, এবার এটাই তাঁর সেরা ম্যাচ, ‘আমি আজ রাতে ভালো খেলেছি। সম্ভবত আমি টুর্নামেন্টে নিজের সেরা ম্যাচটি খেলেছি। খুব, খুব, খুব ভালো লাগছে এটা ভেবে যে সেরা খেলাটা সেমিফাইনালে রজারের বিপক্ষেই খেললাম।’
এই ম্যাচে এমন ফল হবে ম্যাচের আগে সেটা কে ভেবেছে! চোট, অসুস্থতায় এবার দক্ষিণ গোলার্ধে কিছুটা বিবর্ণ ছিলেন লাল দুর্গের রাজা। অন্যদিকে অনেক দিন পর দেখা মিলছিল পুরোনো অজেয় ফেদেরারকে। পরপর দুই ম্যাচে জো-উইলফ্রায়েড সোঙ্গা ও অ্যান্ডি মারেকে হারিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিতই দিয়েছিলেন ৩২ পেরিয়ে যাওয়া ফেদেরার। কিন্তু শেষ পর্যন্ত ফেদেরার হয়ে রইলেন কাছেপিঠের বিবর্ণ ফেদেরারই।
এই পরাজয়ে ফেদেরার ভক্তরা নিশ্চয়ই হতাশ হয়েছেন। তবে অতটা হতাশ নন ফেদেরার, ‘আমি মনে করি রাফা ভালো খেলেছে। এমন খেলা সে আমার বিপক্ষে অনেকবারই খেলেছে। প্রথম দেড় ঘণ্টায় তো আমি ভেঙে পড়িনি। এটা (ম্যাচটা) অতটা বাজে হয়নি। মৌসুমের শুরুটা তো ভালোই করলাম।’ রয়টার্স, এএফপি।
তবে একটা অতৃপ্তি থাকছেই, সর্ব সুইস ফাইনালটা যে হলো না, ‘আমি আজ জিতলে সর্ব সুইস ফাইনাল হতো। এই ব্যাপারটাই আমাকে অনেক দিন পোড়াবে।’ নাদালের ২৫টি আনফোর্সড এররের বিপরীতে ৫০টি আনফোর্সড এরর করা ফেদেরারকে পোড়াতে পারে আরেকটি তথ্যও। অনেক দিন ধরেই বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনের পর হয়ে যাবেন সুইজারল্যান্ডেরও সাবেক এক নম্বর। ডেভিস কাপ সতীর্থ ও বন্ধু ভাভরিঙ্কা যে টপকে যাচ্ছেন তাঁকে।