অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ

হামবুর্গের টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা বায়ার্ন ছুঁয়েছিল আগের ম্যাচেই। পরশু অগসবুর্গকে ৩-০ গোলে হারিয়ে পেপ গার্দিওলার দল গড়ে ফেলল বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি ৩৭ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড। লিগে বায়ার্নের সর্বশেষ হার গত বছর ২৮ অক্টোবর বেয়ার লেভারকুসেনের কাছে, ২-১ গোলে।
জেরম বোয়াটেং, ফ্রাঙ্ক রিবেরি আর টমাস মুলারের গোলে আসা এই জয়ে ব্যক্তিগত একটা রেকর্ড গড়েছেন কোচ গার্দিওলাও। ১২ ম্যাচে অপরাজিত থাকাটা বুন্দেসলিগায় কোনো কোচের প্রথম মৌসুমেই সবচেয়ে ভালো সূচনা।
বায়ার্নের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে লিগে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের হার। বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের কাছে ১-০ হারের হতাশাটা ডর্টমুন্ডের দ্বিগুণ হয়েছে ভলফসবুর্গের কাছে ২-১ গোলে হেরে। এতে বায়ার্নের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়ল ডর্টমুন্ড। ১২ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৩২, ডর্টমুন্ডের ২৮। ২৮ পয়েন্ট লেভারকুসেনেরও। দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সান হিউং-মিনের হ্যাটট্রিকে যারা ৫-৩ গোলে হারিয়েছে হামবুর্গকে। গোল উৎসবের দিনে ৬ ম্যাচেই হয়েছে ২৭ গোল। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় ছিল গোললাইন বিতর্ক।
কদিন আগে হফেনহেইমের বিপক্ষে লেভারকুসেনের কিসলিংয়ের একটা না-হওয়া গোলকে গোল দিয়েছিলেন রেফারি। পরশু কপাল পুড়েছে নুরেমবার্গের। তাদের একটা নিশ্চিত গোল বাতিল করে দিয়েছেন রেফারি। ৮০ মিনিটে জসিপ দ্রমিকের শটটা বারে লেগে গোললাইনের ভেতরে ড্রপ খেয়েছিল। ওই গোলটা পেলে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া নুরেমবার্গ ম্যাচে ২-২ সমতা ফেরাতে পারত, কিন্তু মনশেডগ্লাডবাখের কাছে হেরেছে ৩-১ গোলে।
ইউনাইটেডের জয়
রবিন ফন পার্সি মনে-প্রাণে এখনো পুরোদস্তুর আর্সেনালের—সাবেক শিষ্যকে নিয়ে দিন কয়েক আগে আর্সেন ওয়েঙ্গার করেছিলেন এমন মন্তব্য। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ স্ট্রাইকার কাল আর্সেনাল কোচকে মনে করিয়ে দিলেন এটা পেশাদার ফুটবল, এখানে আবেগের কোনো জায়গা নেই। পুরোনো ক্লাবের বিপক্ষে ২৭ মিনিটে তাঁর দেওয়া একমাত্র গোলেই যে ইংলিশ প্রিমিয়ার লিগের কাল জিতেছে ইউনাইটেড। লিগের শীর্ষ দল আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটাও কমিয়ে পাঁচে নিয়ে এসেছে ডেভিড ময়েসের দল।
১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগে দ্বিতীয় হারের পরও আর্সেনালের শীর্ষে আছে ২৫ পয়েন্ট নিয়ে। আগের দিন ফুলহামকে ৪-০ গোলে হারানো লিভারপুল ২৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিন ও চারের যথাক্রমে সাউদাম্পটন (২২) ও চেলসি (২১)। ইউনাইটেডের জয়ের দিনে কাল হেরে গেছে নগর প্রতিদ্বন্দ্বী সিটি। সান্ডারল্যান্ডের মাঠে দলটি হেরেছে ০-১ গোলে। কাল নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরেছে টটেনহামও। এএফপি।