‘বাঁ হাতের খেল’ বলে একটা কথা আছে। অনায়াসসাধ্য কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। এবার এর সঙ্গে যোগ করে ফেলুন ‘বাঁ পায়ের খেল’ও। গত দুটি চ্যাম্পিয়নস লিগ মিলেও আর কোনো খেলোয়াড় বাঁ পায়ে চার গোল করতে পারেনি। লিওনেল মেসি একাই পরশু বাঁ পায়ে করলেন ৪ গোল! গত দুই মৌসুমে বাঁ পায়ে তাঁর গোলের সংখ্যা ২০টি।‘বাঁ পায়ের খেল’-এর মতোই অনায়াস সুন্দর মেসি-ঔজ্জ্বল্যে পরশু বেয়ার লেভারকুসেনকে ৭-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। সামগ্রিক ১০-২ ব্যবধানে জিতে উঠে গেল কোয়ার্টার ফাইনালে। বাঁ পায়ের চারটির সঙ্গে ডান পায়েও লব করে একটি গোল করেছেন মেসি। বাকি দুটি গোল পরশু ম্যাচেই ইউরোপ-অভিষিক্ত ক্রিস্টিয়ান তেয়োর। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড় এক ম্যাচে করলেন পাঁচ গোল। আর ইউরোপিয়ান কাপ-চ্যাম্পিয়নস লিগ মিলেই ৩২ বছর পর ম্যাচে পাঁচ গোলের কীর্তি দেখা গেল।চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও ৪৯ গোল করা মেসি উঠে গেলেন চারে। এর মধ্যে টানা দ্বিতীয় মৌসুমে করলেন ১২ গোল। এই মৌসুমে মেসির সামনে আরও ম্যাচ খেলার সুযোগ থাকছে। ফলে সুযোগ থাকছে এক আসরে ১২ গোল করা রুড ফন নিস্টলরয়ের রেকর্ড ভেঙে দেওয়ারও। সব ধরনের প্রতিযোগিতায় (জাতীয় দলসহ) গত চার ম্যাচে তিন হ্যাটট্রিক করা মেসির এত এত অর্জনের দিনে ইতিহাস গড়েছে অ্যাপোয়েল নিকোসিয়াও। টাইব্রেকারে লিওঁকে ৪-৩-এ হারিয়ে সাইপ্রাসের প্রথম দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে। প্রথম ম্যাচটি লিওঁর মাঠে গিয়ে ১-০ গোল হেরে আসা নিকোসিয়া এদিন ম্যাচ জিতেছে সমান ব্যবধানে। অতিরিক্ত সময় পেরিয়ে শেষে খেলা গড়িয়েছে পেনাল্টি শ্যুট-আউটে। সেখানেই তাদের এমন রুদ্ধশ্বাস জয়। তবে মেসি যখন জ্বলজ্বল করে ওঠেন, বাকি সব সেই ঔজ্জ্বল্যে ম্লান হয়ে যায়। নিকোসিয়ার এমন কীর্তি গড়ার পরও পরশু রাতটি তাই শুধুই মেসির।জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করার পর স্প্যানিশ লিগে বসে থাকতে হয়েছিল। ৫টি হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু ওই এক ম্যাচ না-খেলাটা যেন পুষিয়ে দিলেন এই মৌসুমে ক্লাবের হয়ে এরই মধ্যে ৪৮টি গোল করে ফেলা এই আর্জেন্টাইন। ম্যাচ শেষে পেপ গার্দিওলাও ভাসিয়ে দিলেন প্রশংসায়, ‘আমি ভাগ্যবান বলেই মেসিকে আমার দলে পেয়েছি। ও নিজের সেরাটা যাতে খেলতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়াই আমার কাজ এখানে। ওর মতো আর কাউকে আপনি খুঁজে পাবেন না। লোকে বলে, ডি স্টেফানো, ম্যারাডোনা, ক্রুইফরা যখন খেলতেন, তাঁরাই ছিলেন সেরা। মেসির বেলাতেও তা-ই বলা যায়। ও-ই এখন সিংহাসনে। মুকুটটা কত দিন মাথায় থাকবে, সেটা ওরই ওপর নির্ভর করছে।’এর আগে আর্সেনালের বিপক্ষে একাই চার গোল করেছিলেন। সে সময় মেসিকে ‘প্লে স্টেশনে’র খেলোয়াড় বলেছিলেন আর্সেন ওয়েঙ্গার। লেভারকুসেনের বাঙালি কোচ রবিন দত্তও এবার বলছেন, ‘মেসিকে ছাড়াই ওরা সেরা দল। আর মেসি থাকার ফলে ওরা হয়ে গেছে অন্য গ্রহের।’ লেভারকুসেনের ক্রীড়া পরিচালক, জার্মান কিংবদন্তি রুডি ফোলার মেসিকে তুলনা করেছেন পেলে-ম্যারাডোনার সঙ্গেই, ‘শুধু আজ পাঁচ গোল করেছে বলেই নয়, এমন পারফরম্যান্স ও কয়েক বছর ধরেই করে যাচ্ছে। ও এখন পেলে-ম্যারাডোনার সমান উচ্চতায় পৌঁছে গেছে।’আর মেসি কী বলছেন? তাঁর কথা তো অনুমিতই, ‘আমি আনন্দিত, পাঁচটি গোল করতে পারা দুর্দান্ত কিছু। কিন্তু তার চেয়েও বড় কথা হলো দলের জয়, কোয়ার্টার ফাইনালে ওঠা।’ মেসিকে পুরোটা ম্যাচ কাছ থেকে দেখা সেস ফ্যাব্রিগাস বলেছেন, ‘লিওর কাছ থেকে আমি যেকোনো কিছুই প্রত্যাশা করতে পারি। ও-ই ইতিহাসের সেরা খেলোয়াড়, ওর মতো আর কাউকে আমরা দেখিনি।’ আর ওয়েইন রুনি টুইট করেছেন, ‘মেসি যেন একটা কৌতুক। আমার কাছে ওই সর্বকালের সেরা।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।এক নজরেবার্সেলোনা ৭-১ লেভারকুসেনদুই লেগ মিলে বার্সা ১০-২-এ জয়ীনিকোসিয়া ১-০ লিওঁদুই লেগ মিলে ১-১, টাইব্রেকারে নিকোসিয়া ৪-৩-এ জয়ী