
সর্বশেষ শিরোপা জয়ের পর কেটে গেছে ১২ বছর। এবার কি শিরোপা উঠবে আবার রোমার হাতে? এখনো অনেক দূরের পথ, কিন্তু রোমা যেভাবে ছুটছে, তাতে আশাটা এবার উজ্জ্বল। পরশু উদিনেসেকে মাইকেল ব্র্যাডলির গোলে হারিয়ে (১-০) রোমা করেছে আরেকটা রেকর্ড। টানা নয় ম্যাচ জিতে রোমাই সিরি ‘আ’র ইতিহাসে সবচেয়ে ভালো শুরু করল। এর আগে ২০০৫-০৬ মৌসুমে জুভেন্টাসও করেছিল একই কীর্তি। কিন্তু ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জড়ানোয় জুভেন্টাসের কীর্তিটা মুছে গেছে রেকর্ড বই থেকে।
ইতালিতে অবশ্য দুর্দান্ত রোমাকে তাড়া করছে জুভেন্টাস, নাপোলি। পরশু জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলে নাপোলি হারিয়েছে তুরিনোকে। নয় ম্যাচ শেষে দুই দলই রোমার (২৭) চেয়ে পিছিয়ে আছে ৫ পয়েন্টে। শেষ মুহূর্তে গোল খেয়ে পারমার কাছে ৩-২ গোলে হেরে বসেছে দশে থাকা এসি মিলান।
ইতালিতে যদি ‘চমকের’ নাম রোমা হয়, স্পেনে সেটা অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের প্রতিবেশীদের কল্যাণে লা লিগা এ মৌসুমের এখন পর্যন্ত ‘তিন ঘোড়ার দৌড়’। পরশু তো অ্যাটলেটিকো ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল বেটিসকে। জোড়া গোল করেছেন ডেভিড ভিয়া। গোল করেছেন ডিয়েগো কস্তাও। লা লিগার সবচেয়ে বেশি গোল এখন এই স্ট্রাইকারের (১১)। শীর্ষে থাকা বার্সার (২৮) চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে অ্যাটলেটিকো!
ফ্রান্সে অবশ্য সে রকম কোনো চমক নেই। অনুমিতভাবেই শিরোপা লড়াইয়ে এগিয়ে পিএসজি-মোনাকো। পরশু অবশ্য পিএসজি মৌসুমের প্রথম হারের স্বাদ প্রায় পেয়েই গিয়েছিল। মাতুইদির অতিরিক্ত সময়ের গোলে সেঁত এতিয়েনের সঙ্গে কোনোমতে ড্র করতে পারে ফ্রান্স চ্যাম্পিয়নরা (২-২)। অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে পিএসজির সমান ২৫ পয়েন্ট মোনাকোরও। তিন ম্যাচ পর গোল পেয়েছেন ফ্যালকাও। এএফপি।