অপ্রতিরোধ্য শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকির আলী টিভি ক্যামেরার সামনে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়া দিচ্ছেন। পাশ দিয়ে যাওয়ার সময় কোচের মাথায় পানি ঢেলে দিলেন আমিনুল! নিছকই দুষ্টুমি। ৬-১ জয়ের পর এমনটি হতেই পারে। ব্রাদার্সকে গোলের মালা পরিয়ে দ্বিতীয় সুপার কাপ শুরুর দিনে শেখ জামালের অধিনায়ক তো বটেই, গোটা দলই দুষ্টুমি আর খুনসুটিতে মাতল।ম্যাচ-সেরা জয়ী দলের মিডফিল্ডার মামুনুলকে ক্রেস্ট উপহার দেওয়ার প্রস্তুতি চলছে একদিকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকের একটা অংশে তখন গিজগিজে ভিড়। সংবাদমাধ্যমের লোকই বেশি। টিভি ক্যামেরা একপাশে ছেঁকে ধরেছে পাকির আলীকে, অন্যদিকে কেউ এমিলিকে, কেউ আমিনুলকে...। যেন আনন্দযজ্ঞ।দেখলেন কতজন লোক? টেনেটুনে হাজার চারেক। তবে শুরুতে গ্যালারি ছিল অনেকটা ফাঁকা। এ অবস্থায় আজ থেকে ১০০ ও ৫০ টাকা থেকে কমিয়ে টিকিটের দাম করে দেওয়া হয়েছে ৬০ ও ৩০ টাকা। কোটি টাকার টুর্নামেন্ট, গতবার ফাইনালে উপচে পড়েছিল গ্যালারি। এক বছর পর টুর্নামেন্টটি মাঠে ফেরার দিনে আবহটা ঠিক সুপার কাপ-সুলভ ছিল না। শেখ জামালের সেই লোকগুলো গেল কোথায়?বাংলাদেশ লিগের শেষ দুটি ম্যাচে ‘বিশেষ ব্যবস্থায়’ পাঁচ-ছয় হাজার সমর্থক এনেছিল শেখ জামাল। তখন তাদের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগের তদন্ত মাঝপথে। পাতানো খেলার অভিযোগ এড়াতে সেই দুটি ম্যাচে শক্তি প্রদর্শন করেছে জামাল। নইলে সেই সমর্থকেরা উধাও হয়ে যাবে কেন!মাঠে নামা শেখ জামালও এদিন রং-রূপে ভিন্ন! এত দিন হলুদ-নীল জার্সির জামালকে ব্রাজিলের মতোই লাগছিল। ছয় দলের সুপার কাপে দলটি নামল আর্জেন্টিনার বেশ ধরে! তবে মাঠের খেলায় চলমান কোপা আমেরিকায় দুর্দশাগ্রস্ত ‘আর্জেন্টিনা’ হয়নি শেখ জামাল। এই জামাল প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া এক ‘দৈত্য’! অধিনায়ক আমিনুল বলছিলেন, সুপার কাপটা তাঁর দলের কাছে একটা চ্যালেঞ্জ। তাঁর ভাষায়, পাতানো খেলার অভিযোগ খণ্ডাতে নিজেদের প্রমাণের মঞ্চ। প্রথম ম্যাচে শেখ জামাল সেটি করে দেখাল। অবশ্যই নতজানু ব্রাদার্সও কম ভূমিকা রাখেনি জামালের এই বিশাল জয়ে।ফরাশগঞ্জের গোলরক্ষক তারেক এবং আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড সুবায়েরকে নিয়ে নতুন একাদশ গড়া ব্রাদার্স কখনোই ম্যাচটা ধরতে পারেনি। ৭৭ মিনিটে ব্রাজিলিয়ান প্লেমেকার এভারটন পেনাল্টি থেকে ৩-১ করেন। তবে লিগের শেষ ম্যাচে শেখ জামালের সঙ্গে ২-২ ড্র করা দল এদিন যেন অচেনা। শেষ দিকে তাসের ঘরের মতো উড়ে গেছে ব্রাদার্স।ভারী বৃষ্টিতে সুপার কাপের ভাগ্যাকাশে কালো মেঘ উড়ে বেড়াচ্ছিল। কাল খেলা শুরুর আগেও আধা ঘণ্টা বৃষ্টি। মজার ব্যাপার, ম্যাচ শুরুর পর বৃষ্টি উধাও, রোদঝলমল! এ যেন ব্রিটিশ আবহাওয়া। এই বৃষ্টি, একটু পরই রোদ। মাঠ মোটামুটি ভালোই ছিল। তবে খেলাটা প্রথমার্ধে চোখ কাড়ল না। ২৯ মিনিটে ইমানুয়েলের গোলটি ছিল এই অর্ধের একমাত্র প্রাপ্তি। দ্বিতীয়ার্ধে বৃষ্টির মতো গোল। ৫১ মিনিটে লোগাবোগা, ৬৪ মিনিটে মিশু, ৮৩ মিনিটে বদলি স্ট্রাইকার এমিলি, ৮৭ মিনিটে ফেমি এবং অতিরিক্ত সময়ে লোগাবোগা নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করে ইতি টানেন গোল উৎসবের।এমিলি ৬৫ মিনিটে বদলি হিসেবে নামার সুযোগ পেলেও বেচারা জাহিদ রইলেন বাইরেই। জাতীয় দলের প্রথম একাদশের ডিফেন্ডার রেজাউলও দর্শক।শেখ জামালের কোচ পাকির আলী বলছিলেন, ‘জাতীয় দল আর ক্লাব দল ভিন্ন। কাজেই কাকে খেলাব, সেটা নিছকই আমাদের ব্যাপার।’শেখ জামাল: আমিনুল, ওয়ালি (এমিলি), নাসির, আরিফ, সুজন, শাকিল (মিশু), মামুনুল, স্টিভ টমাস, ফেমি, ইমানুয়েল (কোমল), লোগাবোগা।ব্রাদার্স: তারেক (উত্তম), ইউসুফ, ড্যানিলো, আশরাফুল, নাহিদ, তরু, কিংসলে, এভারটন, মনু, ফয়সাল মাহমুদ (কবির), সুবায়ের (তৌহিদুল)।